আগাগোড়াই দেশের প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি মানুষের জন্য বরাদ্দ থাকে একটি বিমান। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ নতুন বিমানের সওয়াড়ি হতে চলেছেন। আগামী সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রীর ভিভিআইপি বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান আমেরিকা থেকে দিল্লির মাটি ছুঁতে চলেছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ দেশের বিশেষ পদমর্যাদাসম্পন্নদের জন্য সরকার দুটি বিশেষ ধরনের বিপুলাকার বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের বরাত দিয়েছে। এরই মধ্যে একটি বিমান আগামী সপ্তাহেই পৌছবে রাজধানীতে এবং দ্বিতীয় বিমানটি চলতি বছরের শেষের দিকে পৌঁছাবে বলে খবর পাওয়া গেছে।
২৫ বছরের পুরনো এয়ার ইন্ডিয়া ওয়ান পুরনো বোয়িং ৭৪৭ বিমান এর পরিবর্তে ব্যবহৃত হবে, নতুন স্পেশাল এক্সট্রা সেকশন ফ্লাইট (এসইএসএফ) বা ভিভিআইপি এয়ারক্র্যাফট এয়ার ইন্ডিয়া ওয়ান। এই বিমান চালাবেন বায়ুসেনার বিশেষ প্রশিক্ষিত পাইলটরা। যার চূড়ান্ত পর্বের সাজসজ্জার প্রস্তুতি চলছে এখন আমেরিকায়।
ফ্লোরিয়ার বোয়িং এর ফোর্ট ডালাস সদর দপ্তর থেকে যে বিমান ভারতে আসছে, তার সম্পর্কে কিছু তথ্য দেখে নেওয়া যাক। যে দুটি বোয়িং বিমান অভেদ্য দুর্গ হিসেবে গড়ে তোলা হচ্ছে তার দাম প্রায় ৮,৪৫৮ কোটি টাকা।
এই বিমানের ভেতরে থাকছে ভিভিআইপি যাত্রীদের জন্য কনফারেন্স রুম ও মিনি মেডিকেল সেন্টার সেইসঙ্গে সফরসঙ্গীরূপে আধিকারিক ও বিশেষ ব্যক্তিদের জন্য থাকছে আসন। এই বিমানের কল সাইন হবে এয়ার ইন্ডিয়া ওয়ান। ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যে বিমানে সওয়ার হন তার কল লাইন হয় এয়ার ইন্ডিয়া ওয়ান।
এছাড়াও এটিতে থাকছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের মত ভিভিআইপি সুরক্ষার জন্য; এই বিমানে থাকছে নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সেল্ফ প্রটেকশন স্যুট (এসপিএস), যা শত্রুপক্ষের রাডার ফ্রিকুয়েন্সি জ্যাম করতে পারে।
এই বিমান কাজ করে পুরোদস্তুর ফ্লাইং কমান্ড সেন্টার হিসাবে। এতে হ্যাকিং কিংবা আড়িপাতা অসম্ভব। অত্যাধুনিক ও সুরক্ষিত যোগাযোগ সংক্রান্ত অডিও-ভিডিও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। অনেকটা মার্কিন এয়ারফোর্স ওয়ান এর মত যেটি মার্কিন প্রেসিডেন্ট ব্যবহার করেন।
এয়ার ইন্ডিয়া এই বিমান গ্রহণ করলেও তা চালাবে ভারতীয় বায়ুসেনা। এয়ার ইন্ডিয়া, বায়ুসেনা ও নিরাপত্তা সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আমেরিকায় পৌঁছে গেছেন বিমান নিয়ে আসার জন্য। এই বিমান আসার ফলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের মত ভিভিআইপি মানুষদের জীবনসুরক্ষা করার ব্যবস্থা অনেকটাই সহজতর হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এখন এই বিমান আশা পূরণ করতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ





