Kolkata: “আবার লিখব, আঁকব, ঢেকে ফেলব শহরকে” — চার্জশিটে নেই মাথাদের নাম, অভয়ার বিচারে নীরব প্রশাসনের বিরুদ্ধে গ্রাফিতি-প্রতিবাদ WBJDF-এর!

এক বছর হতে চলল। কিন্তু সেই অভিশপ্ত রাত আজও গা শিউরে দেয়। আমাদের স্মৃতিতে এখনও ভেসে আসে সেই মুহূর্ত—যখন এক তরুণী, এক শিক্ষার্থী, এক সহকর্মী নির্মমভাবে পিশাচি হিংসার শিকার হয়েছিলেন নাম অভয়া। ঠিক এক বছরের মাথায়, যখন প্রশাসনের নীরবতা আরও স্পষ্ট, যখন ন্যায়বিচারের আশায় চোখ অপেক্ষায় ঝাপসা, তখন আবারও রাস্তায় নামছে মানুষ। শুধু কলকাতা নয়, প্রতিবাদ ছড়িয়ে পড়ছে গোটা বাংলায়।

গত ৯ই আগস্ট রাতে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার পর ১১ মাস পেরিয়ে গেছে। অভয়ার পরিবার, বন্ধুরা, সহপাঠীরা আজও অপেক্ষা করছেন ন্যায়ের। প্রশাসনের তরফে একের পর এক ব্যর্থতা, চার্জশিটে গাফিলতি, ‘আত্মহত্যা’-র তত্ত্ব তুলে এনে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় যেন বেড়ে চলেছে মানুষের ক্ষোভ। এখনো অবধি নেই কোনও সাপ্লিমেন্টারি চার্জশিট, অপরাধে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের নাম উধাও। এই পরিস্থিতিতে মুখ ফিরিয়ে থাকা প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছে West Bengal Junior Doctors’ Front (WBJDF)।

WBJDF ঘোষিত তিন দফা প্রতিবাদ কর্মসূচির প্রথম ধাপ ৮ই আগস্ট রাত ৯টায়। কলেজ স্কয়ার থেকে শুরু হবে মশাল মিছিল, পৌঁছবে শ্যামবাজার পর্যন্ত—অভয়ার উপর আক্রমণের ঠিক সেই সময়টায়। এরপর রাত ১২টা থেকে ভোর পর্যন্ত শ্যামবাজার মোড়ে অবস্থান বিক্ষোভ, গান-কবিতা-গ্রাফিতিতে ভরবে রাত্রি। শেষ ধাপে, ৯ই আগস্ট সন্ধ্যা ৬টায় RG Kar হাসপাতালের ‘Cry of the Hour’ প্রাঙ্গণে প্রতিবাদী জমায়েত—যেখানে শুধু অভয়াকে স্মরণ নয়, সরব হবে গোটা ক্যাম্পাস-সমাজ।

যাঁরা কলকাতার কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন না, তাঁদের নিজেদের এলাকায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। WBJDF-এর তরফে অনুরোধ করা হয়েছে—নিজস্ব এলাকায় ক্যাম্পাস, হাসপাতাল, পাড়া বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে একই সময়ে মোমবাতি মিছিল, অবস্থান সভা ও দেওয়ালে আঁকা প্রতিবাদী বার্তা তুলে ধরতে। যাঁরা কর্মসূচি করছেন, তাঁরা যেন WBJDF-এর পেজে যোগাযোগ করেন—সহযোগিতা ও সমন্বয়ের সুবিধার্থে।

আরও পড়ুনঃ Bangladesh : মৃতদেহের উপর নাচ, ইট-পাথরে থেঁতলে হ*ত্যা! ঢাকার রাস্তায় হিন্দু ব্যবসায়ীকে ঘিরে র*ক্তাক্ত রাজনীতি!

এ শুধু একটি হত্যার বিচারের দাবিতে আন্দোলন নয়। এ লড়াই ধর্ষণ সংস্কৃতি, শাসকদলের মদতপুষ্ট ক্যাম্পাস দখল এবং বিচার ব্যবস্থার পচনের বিরুদ্ধে। WBJDF আহ্বান জানাচ্ছে ছাত্র, নাগরিক সমাজ ও সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষদের—স্মৃতিকে অস্ত্র করে, ভুলে যাওয়ার সংস্কৃতির বিরুদ্ধে, জেগে উঠতে। অভয়াকে আমরা ভুলিনি, ভুলব না, ভুলতে দেব না।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles