করোনার টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত বাচ্চাকে পাঠাব না স্কুলে, হাইকোর্টে আবেদন জানালেন অভিভাবকরা

দেশে তিন লাখের গন্ডির দিকে এগোচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘন্টাতেও আক্রান্তের সংখ্যা একদিনে বেড়ে দাঁড়িয়েছে প্রায় দশ হাজার। কিন্তু এই অবস্থায় লকডাউন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। খুলে দেওয়া হয়েছে অফিস কাছারি, দোকানপাট, শপিং মল, রেস্তোরাঁ। কিন্তু এখনও পর্যন্ত দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি। আপাতত নির্দেশ দেওয়া আছে ৩০শে জুন পর্যন্ত দেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। কিন্তু তার পরে কী হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। যদি জুলাই মাস থেকে স্কুল খুলে যায় তবে বাচ্চাদের পাঠানো কি নিরাপদ হবে এই নিয়ে চিন্তায় রয়েছেন অভিভাবকরা। এ সংক্রান্ত বিষয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁরা। জানালেন যে ১২ বছরের কম বয়সী শিশুরা খুব সহজেই আক্রান্ত হতে পারে। তাই স্কুল খুলে গেলেও তাঁরা নিজেদের বাচ্চাদের যতদিন না করোনার কোনও প্রতিষেধক আবিষ্কার হচ্ছে ততদিন পর্যন্ত স্কুলে পাঠাবেন না। এই বিষয়ে হাইকোর্টে আবেদন জানালেন তাঁরা।

বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বি এন রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের কাছে আইনজীবী প্রিয়াঙ্কা তিবরেওয়াল জানান, যেহেতু ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের বিবিধ টিকার কোর্স সম্পূর্ণ করতে হয়, তাদের দেহে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না। আদালতের কাছে তিনি আবেদন জানান, বারো বছরের কমবয়সি শিশুদের স্কুলে উপস্থিতির ক্ষেত্রে ছাড় দেওয়া হোক। যত দিন পর্যন্ত করোনা সংক্রমণের প্রতিষেধক টিকা আবিষ্কার হচ্ছে, তত দিন পর্যন্ত এই ছাড় দেওয়ার জন্য আদালতকে তিনি অনুরোধ করেন।

যদিও এইদিন এই বিষয়ে মামলার রায় দেননি বিচারকরা। আগামী ১৯ জুন পরবর্তী শুনানির দিন নির্ধারিত করা হয়েছে। ওই দিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে আইনজীবী মারফৎ শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

RELATED Articles

Leave a Comment