কানাঘুষো শোনা যাচ্ছিল বটে, তবে এবার সেই ঘটনাই সত্যি হল। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঠিক হল শারদীয়ার বোধনেই পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে আবেদন করা হয় প্রধানমন্ত্রীকে। এবার সেই আবেদনেই সাড়া দিয়েছেন স্বয়ং নরেন্দ্র দামোদর মোদী। আগামী ২২শে অক্টোবর, ষষ্ঠীর দিন রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি। এই করোনা পরিস্থিতিতে অনলাইনে ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথাই মনস্থির করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সাক্ষী থাকবে গোটা বাংলা। এ এক ঐতিহাসিক ঘটনা হতে চলেছে এমনটাও মনে করছেন রাজনৈতিক দলের একাংশ।
এই বছর করোনা পরিস্থিতিতেও রাজ্যের প্রত্যেক ক্লাবকে পুজোর জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তাই ২০২১-এর ভোটে রাজ্যবাসীর সমর্থন পেতে বিজেপির তরফ থেকে ঢাল করা হয়েছে প্রধানমন্ত্রীকে। তাঁকে সামনে রেখে বৈতরণী পার করা যায় কি না, এখন সেই সিদ্ধান্ত বাংলাবাসীর। ষষ্ঠীর বোধনে ভাষণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আবেদন করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তার আবেদনে সাড়া দিয়ে বাঙালীর ভাবাবেগকে যে নাড়িয়ে দিয়েছেন মোদী, তা বলা যেতেই পারে। তাঁর এই উদ্যোগের জন্য বাঙালিদের তরফ থেকে অনেক সাধুবাদও কুড়িয়েছেন তিনি।
প্রসঙ্গত, এ বছর মহালয়ার দিন মা দুর্গার কাছে করোনার মুক্তির প্রার্থনা করে রাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে ‘শুভ মহালয়া’ টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ফলে তখনই বাঙালীর আবেগকে স্পর্শ করেন তিনি। আর এবার তাঁর ভাষণ দেওয়ার পদক্ষেপ বিজেপির বাংলা জয়ের আশা আরও কয়েক গুন বাড়িয়ে দিতে পারে, এমনটা মনে করা হচ্ছে।






