বেস্ট ফ্রেন্ড ফরএভার, সোজা লন্ডনে গিয়েও অটুট রইল নুসরত-মিমি জুটি

কিছুদিন আগেই রুদ্রনীল ঘোষের ছবি ‘স্বস্তিক সংকেত’-এর শুটিং-এর জন্য গোটা টিম পাড়ি দিয়েছে লন্ডনে। ছবির মূল চরিত্রে রয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান ও গৌরব চক্রবর্তী। এর কয়েকদিন পরেই খবর আসে শুটিং-এর সুত্রেই অভিনেত্রী মিমি চক্রবর্তীও লন্ডন পাড়ি দিচ্ছেন। এই খবর নিজেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন তিনি । এমনকি, লন্ডন যাওয়ার আগে নিজের ও বাকি টিমের লোকজনদের যে কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, এও জানান দেন অভিনেত্রী।

মিমি, নুসরত দুজনেই লন্ডনে, আর দুজনের দেখা হবে না, এমন হতে পারে নাকি? ছবির শুটিং-এর ফাঁকেই দুই প্রিয় বান্ধবীর দেখা। ভিনদেশেও দেখা গেল বেস্ট ফ্রেন্ডস ফরএভারের জাদু। একসঙ্গে দুজনের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন মিমি, ক্যাপশন দিলেন ‘Us’।

মিমি নুসরতের বন্ধুত্ব টলিপাড়ায় নতুন ঘটনা না। এর আগেও একাধিক বার প্রমাণ মিলেছে তাদের গভীর বন্ধুত্বের। টিকটকে একসঙ্গে ভিডিও বানানো হোক বা কোনও ছবির সম্প্রচারে হোক, সবসময়ই একসঙ্গে দেখা গেছে দুই বান্ধবীকে। এমনকি, ২০১৯ সালের লোকসভা ভোটে দুই নায়িকাই তৃণমূলের পক্ষ থেকে ভোটে দাঁড়ান। মিমি চক্রবর্তী জেতেন যাদবপুর কেন্দ্র থেকে ও নুসরত জয়ী হন বসিরহাট কেন্দ্র থেকে। হাল ফ্যাশনের পোশাক পরে পার্লামেন্টে যোগদান করায় অনেকের রোষের মুখেও পড়েন দুই অভিনেত্রী।

অন্যদিকে, নুসরতের বিয়ের সমস্তরকম দায়িত্বে পারদর্শিতা দেখিয়েছেন মিমি। সে টলিপাড়ার কোনও অতিথিকে আপ্যায়ন করা হোক বা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা, সব দিকই সামলেছেন বান্ধবী মিমিই। এবার তাদের এই বন্ধুত্বের সাক্ষী হয়ে রইল অন্য দেশও।

RELATED Articles