কলকাতা পুরভোটের দিন একটি ভিডিও ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। এই ভিডিওতে দেখা যায় এক যুবক ইভিএম মেশিনে বারবার একটি বোতাম টিপছেন। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তোলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। সেই ভিডিওর যুবককেই এবার গ্রেফতার করল বড়তলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ওই যুবকের নাম গৌরব দাস, বয়স ৩৩।
পুরভোটের দিন সকাল থেকেই নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ভিডিওটি। এও ভিডিওতে দেখা যায় এক যুবক ইভিএম মেশিনে বারবার তৃণমূলের প্রতীকের বোতামটি টিপছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭। এই ভিডিও পোস্ট করেই শাসকদলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তোলে বিজেপি।
গতকাল, মঙ্গলবার এই ঘটনা নিয়ে বড়তলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপরই তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নিল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৭১এফ (নির্বাচনে প্রভাব খাটানোর) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে এই ঘটনাটি ঘটেছে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি বুথে। জেরার সময় অভিযুক্ত গৌরব পুলিশকে জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর আগে মকপোলের সময় তিনি এই ভিডিওটি করেছিলেন। গৌরবের এই দাবীর সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
বলে রাখি, পুরভোটের দিন রবিবার তৃণমূলের বিরুদ্ধে ভোটে অনিয়ম নিয়ে একাধিক অভিযোগ তোলে বিরোধীরা। এদিন দুপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোট দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটে আইন ভাঙলে তার বা তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। এমনকি, দলের কেউ যদি এই কাজ করে, তাহলে তাকেও রেয়াত করা হবে না বলেই জানান তিনি।





