ভিলেন গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি! কাঁচা আনাজের দাম বাড়ল হু হু করে, দামের ছ্যাঁকায় পুড়ছে আমজনতার পকেট

শেয়ার বাজার নাকি কাঁচা সবজির বাজার, তা যেন বোঝা দায়! হঠাৎ করেই সেনসেক্সের মতো উত্থান শুরু হয়েছে কাঁচা আনাজের দামেও। এক সপ্তাহ আগেও সবজির যে দাম ছিল, এখন সেই সবজি আকাশছোঁয়া। এর নেপথ্যে কারণ গত কয়েকদিনের একটানা বৃষ্টি। বৃষ্টির জেরে আনাজের গাড়ি কম আসছে কলকাতায়। ফলত, চাহিদা অনুযায়ী মিলছে না জোগান। এর জেরে দাম বাড়ছে সবজির।

জানা যাচ্ছে, এক সপ্তাহ আগেও বেগুনের দাম ছিল কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা। কিন্তু এখন সেই বেগুনই বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। আর লঙ্কার দামের ঝাঁঝে চোখে জল আসছে আমজনতার। কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকায় বিকোচ্ছে কাঁচালঙ্কা। অন্যদিকে, ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি। পাল্লা দিয়েই দাম বেড়েছে পটল, ঢেঁড়সেরও। পটলের দাম কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা আর ঢেঁড়সের দাম ছুঁয়েছে ৬০ টাকা।

কেন বাড়ছে সবজির দাম?

এই বিষয়ে গড়িয়াহাট বাজারের বাজার সমিতির সম্পাদক দিলীপ মণ্ডলের বক্তব্য, “গত কয়েক দিনের বৃষ্টিতে বেশ কিছু আনাজ গাছ পচে গিয়েছে। আবার ক্যাপসিকামের মতো যে সব আনাজ ভিন্‌ রাজ্য থেকে আসে, সেগুলি আনতে গিয়ে বৃষ্টির জলে খারাপ হয়ে যাচ্ছে। দশ কেজি ক্যাপসিক্যাম কিনলে খারাপ বেরোচ্ছে এক কেজি! সেই সঙ্গে বৃষ্টির ফলে রাস্তার এত খারাপ অবস্থা যে, অনেক গাড়ি আসতে পারছে না”।

তবে আনাজের গাছ পচে যাওয়া সবজির দাম বৃদ্ধির কারণ, তা মানতে নারাজ চাষি ভেন্ডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কমল দে। তিনি বলেন, “এত বৃষ্টিও হয়নি যে, গাছ পচে গিয়েছে। বরং টানা বৃষ্টিতে কৃষকেরা মাঠ থেকে আনাজ তুলতে যেতে পারছেন না। তা ছাড়া গ্রামের দিকে বেশির ভাগ বাজার খোলা মাঠে বসে। কিন্তু বৃষ্টির জন্য নিয়মিত সেই বাজার বসছে না। ফলে পাইকারি ব্যবসায়ীরা চাষিদের থেকে আনাজ কিনতে পারছেন না”।

তাঁর কথায়, কলকাতার বাজারে সবজি আসে দুই ২৪ পরগণা, নদিয়া ও হুগলি থেকে। তবে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে শহরের রাস্তার অবস্থা বেহাল। সেই কারণে ট্রাক ভর্তি করে আনাজ নিয়ে আসার সাহস পাচ্ছেন না চালকরা। সেই কারণেই আনাজের জোগান কম।

রাজ্য টাস্ক ফোর্সের এক সদস্যের কথায়, “কিছু আনাজের দাম বাড়লেও সব বাড়েনি। যেমন, টোম্যাটোর দাম কেজি প্রতি ৪০ টাকাই আছে। যে সব আনাজের দাম বেশি বলে শোনা যাচ্ছে, তা-ও কমে যাওয়ার কথা। তবে, তেমন কোনও অভিযোগ পেলে আমরা ফের বাজার পরিদর্শনে বেরোব”।

RELATED Articles