কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা! তৃণমূলের হয়ে মামলা লড়ছেন আইনজীবী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম, এজলাসের বাইরে তাঁকে ঘিরে বিক্ষোভ আইনজীবীদের

কলকাতা হাইকোর্টে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। আজ, বুধবার মেট্রো ডেয়ারি সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। অধীর চৌধুরীর দায়ের করা মামলায় রাজ্য সরকারের পক্ষে চিদম্বরম সওয়াল করায় কোর্ট চত্বরে তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান কংগ্রেসপন্থী আইনজীবীরা।

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করে দেওয়া নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ ছিল যে জলের দ্রে সিঙ্গাপুরের সংস্থা কেভেন্টার্সকে মেট্রো ডেয়ারির ৪০ শতাংশ অংশ বিক্রি করে দিয়েছে রাজ্য সরকার। এত টাকা ক্ষতি করে কেন এভাবে শেয়ার বিক্রি করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অধীর চৌধুরী। এই মামলায় সিবিআই তদন্তের দাবীও জানান তিনি। সেই মামলাতেই রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে এসেছিলেন পি চিদম্বরম।

প্রায় ঘণ্টাখানেক ধরে এই শুনানি চলে। এদিন মামলার শুনানি শেষে ফিরে যাওয়ার সময় কংগ্রেসপন্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। কংগ্রেসের আইনজীবী সেলের নেতা তথা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচির নেতৃত্বে কংগ্রসপন্থী আইনজীবীরা চিদম্বরমকে ঘিরে ধরার চেষ্টা করেন।

চিদম্বরমের উদ্দেশে বলা হতে থাকে যে তাদের মতো মানুষের জন্যই কংগ্রেস দলটার এমন অবস্থা হয়েছে। এমনকি, কালো পতাকাও দেখানো হয় চিদম্বরমকে। এর ফলে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাই কোর্ট চত্বরে। তড়িঘড়ি গাড়িতে উঠে আদালত চত্বর ছাড়েন প্রাক্তন অর্থমন্ত্রী।

কংগ্রেস পন্থী আইনজীবীদের নেতা কৌস্তভ বাগচির দাবী, রাজ্য সরকারের হয়ে মামলা লড়ে রাজ্যের হাজার হাজার কংগ্রেস কর্মীকে আঘাত দিয়েছেন চিদম্বরম। রাজ্যের কংগ্রেস নেতাদের নিয়ে মজা করা হচ্ছে। কৌস্তভের কথায়, “চিদম্বরম তৃণমূলের সঙ্গে আঁতাঁত করেছেন। টাকা নিয়ে তৃণমূলের দালালি করছেন চিদম্বরম। তৃণমূলের দালালি করা কাউকে আমরা নেতা বলে মানি না”

RELATED Articles