Weather: মিলছে না স্বস্তি! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়, উত্তরবঙ্গেও ভারী বর্ষণের আশঙ্কা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে গত কয়েক দিন ধরে বৃষ্টির ছোঁয়া থাকলেও, শনিবার থেকে কিছুটা কমেছে সেই সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই কিন্তু পুরোপুরি বৃষ্টি বিদায় নিচ্ছে না। শনিবার সকালেও শহরে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। ছত্তীসগঢ়ের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তার শক্তি আপাতত ক্ষয় হয়ে গিয়েছে। ফলে পশ্চিমবঙ্গের উপর তেমন কোনও সরাসরি প্রভাব পড়ছে না। এদিকে সমুদ্রে নতুন কোনও নিম্নচাপ তৈরি হয়নি। তবু উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রইল, আর দক্ষিণে বাড়বে গরম ও আর্দ্রতার অস্বস্তি।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, কোটা, গুণা, দামোহ হয়ে পুরী থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই কারণে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে, যদিও তা উত্তরবঙ্গের মতো প্রভাব ফেলবে না।

শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারও জলপাইগুড়িতে বৃষ্টির তীব্রতা বজায় থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই সমস্ত জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাঁচটি জেলায়—উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। রবিবারের জন্য কেবল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সতর্কতা রাখা হয়েছে। কলকাতা এবং আশপাশের অন্যান্য জেলায় বিশেষ কোনও সতর্কতা না থাকলেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ফলে দক্ষিণবঙ্গের গরমের সঙ্গে মিলেমিশে কিছুটা অস্বস্তি থাকবেই।

আরও পড়ুনঃ AstrologY: বিশ্বকর্মা পুজোয় ভাগ্য উজ্জ্বল, ৫ রাশির জীবনে মিলতে পারে বিশেষ সুযোগ!

শহর কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছিল ৩০.৮ ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৭ ডিগ্রি কম। অর্থাৎ আপাতত শহরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচেই থাকছে, তবে আর্দ্রতার জন্য গরমের অস্বস্তি এড়ানো যাবে না। আগামী কয়েক দিন তাই উত্তরবঙ্গের প্রবল বর্ষণ এবং দক্ষিণবঙ্গের গুমোট গরম একসঙ্গেই চলবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles