আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপরই বাঙালি মেতে উঠবে নিজেদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে। ঢাকে কাঠি পড়ল বলে। মণ্ডপে মণ্ডপে শুরু হবে মাতৃবন্দনা। পুজোর প্রস্তুতির প্রায় শেষ বললেই চলে। কিন্তু এসবের মধ্যেও চোখ রাঙাচ্ছে আকাশ। পুজোর সময় তার মুখ ভার।
আর এসবের মাঝেই আবহাওয়া দফতর থেকে এল খারাপ খবর। মৌসুমি বায়ু এখনও বিদায় নেয় নি। ফলে পুজোর সময় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। আর এর জেরেই পুজো পণ্ড হওয়ার জোগাড়। এছাড়াও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও রয়েছজে বেশি।
এই আর্দ্রতাজনিত অবস্থা থাকায় অস্বস্তি বাড়বে। এর পাশাপাশি রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানা গিয়েছে। আগামী ১২ই অক্টোবর কলাতা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেবে, ফলে পুজোর সময় হতে পারে বৃষ্টি।
তবে এখানেই শেষ নয়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের মৌসুমী বায়ু সেপ্টেম্বরে বিদায় না নিয়ে বিদায় নিচ্ছে অক্টোবরে। আর এর ফলে বর্ষা দীর্ঘস্থায়ী হচ্ছে। এর পাশাপাশি দক্ষিণ-বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, এর সঙ্গেই উত্তরবঙ্গ এবং বিহার সংলগ্ন এলাকায় আরও একটি নিম্নচাপের দেখা মিলেছে বলে খবর।
এই সমস্ত নিম্নচাপ একসঙ্গে অবস্থান করায় উত্তরবঙ্গের নানান জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা ও কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ রয়েছে ৭৮ শতাংশ রয়েছে।





