করোনার বিষণ্ণ আবহেই ভক্তদের জন্য সুখবর দিলেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মা হচ্ছেন শুভশ্রী। টলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ রাজ-শুভশ্রী এবার বাবা-মা হতে চলেছেন। আজ সকালে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ছবি দিয়ে সেই খবর প্রকাশ্যে আনেন রাজ-শুভশ্রী।
আজ ১১ইমে রাজ শুভশ্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকী। আর নিজেদের জীবনের এই বিশেষ দিনটিকেই এই সুখবর সকলের সামনে আনার জন্য বেছে নেন রাজ-শুভশ্রী। তবে পরিবারে ছোট্ট সদস্যের আসার খবর একটু অন্যরকমভাবেই শেয়ার করেন সেলেব জুটি। রাজের পরনে টি-শার্ট, তাতে ক্যাপশন “ড্যাডি টু বী” ও শুভশ্রীর পরনে টি-শার্ট এ লেখা “দিস গার্ল ইজ গোয়িং টু বী আ মম্মি” , রাজের হাতে একটি স্লেটে লেখা,”বেবি কামিং #২০২০”
ছবির ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘উই আর প্রেগন্যান্ট’ অর্থাৎ, সন্তান শুভশ্রীর গর্ভে বেড়ে উঠলেও, রাজও তো এই সুখবরের সমান ভাগীদার।
সুখবর প্রকাশের এই অভিনব কায়দা মন জয় করেছে সকলেরই। তবে অনেকেই বলছেন, ২০২০তে যখন সন্তান আসবে রাজ লিখেছেন তার মানে শুভশ্রী এখন দুই-তিনমাসের সন্তানসম্ভবা। এই সংবাদ প্রকাশ করার জন্যই এই বিশেষ দিনের অপেক্ষায় ছিলেন এই জুটি।
টলিউডের এই পরিচালক-অভিনেত্রী জুটির খুশির খবর প্রকাশ্যে আসার পরেই তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্তরা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে অনিন্দিতা বোস ও তাঁদের ভক্তরা, প্রত্যেকেই শুভেচ্ছা জানাতে শুরু করেন তারকা জুটিকে। সকাল থেকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা তো পাচ্ছিলেনই টলিউডের এই মিষ্টি জুটি, এই খবর প্রকাশ্যে আসতেই পাচ্ছেন ডাবল কনগ্রাচুলেশনস।





