বাংলা ও বাঙালির ঐতিহ্য, সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত একটি নাম হল রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তাঁকে নিয়ে, তাঁর গাওয়া গানকে বিকৃত করে সস্তার ইউটিউব ভিডিও বানানোকে বিকৃত এবং নিন্ম মানসিকতার পরিচয় ছাড়া আর কিছুই বলা যায় না।
প্রতি বছরের মতো এ বছরও দোলের কয়েক দিন আগে রবীন্দ্রভারতীতে দোল উৎসবের আয়োজন করা হয়েছিল গতকাল। পড়ুয়ারা ছাড়াও তাতে যোগ দিয়েছিলেন বহিরাগতরাও। কিন্তু রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় বেশ কয়েকটি ছবি। আর তা ঘিরেই তোলপাড় শুরু হয়ে যায় নেটদুনিয়ায়।

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি রোদ্দুর রায় নামের একজন ইউটিউবার রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চাঁদ উঠেছিল গগনে’ গানটি ‘বিকৃত’ করে গেয়ে তাঁর চ্যানেলে প্রকাশ করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যায়, রোদ্দুর রায়ের গাওয়া রবীন্দ্র সঙ্গীতের বিকৃত কিছু লাইন মহিলাদের পিঠে আবির দিয়ে লেখা। যা ঘিরে স্বাভাবিকভাবে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ উগড়ে দেন প্রাক্তনীরা। বিষয়টি যে তাদের চোখে পড়েছে তা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। তারা জানিয়েছেন গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

এই প্রসঙ্গে পরে রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, ‘ছবিটি এই বছরের কি না বা ক্যাম্পাসের মধ্যেই তোলা হয়েছে কি না, তা এখনই বলা সম্ভব নয়। পাশাপাশি ছবিটি সুপার ইমপোজ করে তৈরি কি না, কর্তৃপক্ষ তা-ও খতিয়ে দেখবে। দোল উৎসবে অনেক বহিরাগতও আসেন। ফলে ওই ছবিতে যাদের দেখা যাচ্ছে, তারা আদৌ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কি না, সেটাও খতিয়ে দেখতে হবে।’





