আরজি কর মেডিক্যাল কলেজে ৮ তলার OT নিয়ে বিতর্ক চরমে, CBI তদন্ত ঘিরে প্রশ্ন!

আরজি কর ( RG. KAR) মেডিক্যাল কলেজের ক্যাজুয়াল্টি ব্লকের ৮ তলার অর্থোপেডিক অপারেশন থিয়েটার (OT) নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। চলতি বছরের অগাস্ট থেকে বন্ধ থাকা এই OT খুলতে মঙ্গলবার আপত্তি জানান জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের একাংশ। তাঁদের দাবি, সিবিআই তদন্ত চলাকালীনই সিল করা হয়েছিল এই OT। বর্তমানে সিবিআইয়ের অনুমতি ছাড়াই এটি খোলার উদ্যোগকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, CBI মৌখিকভাবে অনুমতি দিলেও তারা লিখিত সম্মতির জন্য চিঠি পাঠিয়েছে।

জুনিয়র ডাক্তারদের বক্তব্য অনুযায়ী, অগাস্ট মাসে ওই OT-তে রক্তমাখা গ্লাভস, রক্তমাখা হাতের ছাপ এবং চিকিৎসার সরঞ্জাম দেখে সন্দেহ হওয়ায় সিস্টার ইনচার্জ কর্তৃপক্ষকে জানান। সিবিআই তদন্তে সিল করা হয় এই OT। তাঁদের অভিযোগ, CFSL রিপোর্টে সেমিনার রুমকে অপরাধস্থল বলে চিহ্নিত করা হলেও, OT-এর সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে কোনও তদন্ত হয়নি। চিকিৎসক কিঞ্জন নন্দ প্রশ্ন তোলেন, “সেমিনার রুম নয় বলে যদি রিপোর্টে উল্লেখ থাকে, তবে প্লেস অফ অকারেন্স কোথায়? OT নিয়ে তদন্তে কেন গাফিলতি করা হচ্ছে?”

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, OT খুলতে মৌখিক অনুমতি দিয়েছে CBI, তবে তাঁরা এখনও লিখিত সম্মতির অপেক্ষায়। আরজি কর মেডিক্যালের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, OT-তে সিল খোলার আগে CBI সেখানে পরিদর্শনে গিয়েছে কি না, তা নিশ্চিত নয়। চিকিৎসকদের একাংশের দাবি, অপরাধস্থল নিয়ে সন্দেহ থাকলেও OT ঘিরে কোনও সঠিক তদন্ত হয়নি। তাঁরা সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সিবিআই তদন্তে ধীরগতির অভিযোগ তুলে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রমাণ ধ্বংসের সম্ভাবনা থাকতে পারে। তাঁদের দাবি, OT-তে অপরাধের কোনো প্রমাণ লুকিয়ে থাকতে পারে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, তাঁরা আইন মেনেই কাজ করছেন এবং সিবিআইকে বারবার অনুরোধ করেছেন OT নিয়ে নিরীক্ষা চালাতে।

আরও পড়ুনঃ শীতের প্রত্যাশায় হতাশ বঙ্গবাসী, বড়দিনে দক্ষিণবঙ্গে নেই কনকনে ঠান্ডা

মঙ্গলবারের প্রতিবাদের জেরে OT খোলার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের এই দ্বন্দ্বে রোগীদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে। OT খুলতে সিবিআইয়ের লিখিত অনুমতি এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জোরদার হচ্ছে।

RELATED Articles