বুধবার সকালেই কলকাতার বুকে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণস্থলের ঘেরাটোপ ভেঙ্গেই ঢুকে পড়ে একটি সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে মেট্রোরেলের কাজের জন্য ঘিরে রাখা এলাকায়। এর জেরে গুরুতর জখম হন মেট্রোর কাজ করা ৩ কর্মী।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ শিয়ালদহ থেকে ঠাকুর পুকুরের দিকে যাচ্ছিল একটি যাত্রী ভর্তি বাস। বিবাদী বাগের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় বাসটি। মহাকরণের কাছে বিবাদী বাগের ওই এলাকায় দীর্ঘদিন ধরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। এর জন্য অস্থায়ী গুমটিও তৈরি হয়েছে।
এখানে মেট্রোর কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম থাকে। বাসের ধাক্কায় সেই গুমটি গুঁড়িয়ে যায় বলে খবর। হেমন্ত বসু সরণির ফুটপাতে উঠে এসে সেখানে উপস্থিত তিন মেট্রো কর্মীকে ধাক্কা দেয় ওই বাসটি। এর জেরে গুরুতর আহত হন তারা। পুলিশ সূত্রে খবর, তাদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, ওই সময় বাসে বেশ কিছু যাত্রীও ছিলেন। তাদেরও কেউ কেউ অল্পবিস্তর জখম হয় বলে জানা গিয়েছে। পরে পুলিশ এসে বাসের চালককে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়।
এই দুর্ঘটনার জেরে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায়। কিছুক্ষণের জন্য যান চলাচলেও ব্যাঘাত ঘটে। যানজট এড়ানোর জন্য কিছু গাড়ি ঘুরিয়ে অন্য পথ দিয়ে যায়। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশের মোকাবিলা দল। যান চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করেন তারা।





