এগরা-বজবজের পর এবার ভাঙড়, ভয়ানক বিস্ফোরণ তৃণমূল নেতার বাড়িতে, বোমার আঘাতে উড়ল টালির চাল, ভাঙল বাড়ির একাংশ

রাজ্যে পরপর ঘটে চলেছে বিস্ফোরণের ঘটনা। এগরা, বজবজ, দুবরাজপুরের পর এবার বিস্ফোরণ ঘটল ভাঙড়ে। সেখানে তৃণমূল কর্মীর বাড়িতে ঘটল বিস্ফোরণ। বোমার আঘাতের জেরে বাড়ির একাংশ উড়ে গিয়েছে বলে খবর। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায়। পুলিশ তদন্ত শুরু করেছে এই বিস্ফোরণের ঘটনার।

গতকাল, মঙ্গলবার বিকেলে ভাঙরের দু’নম্বর ব্লকের চালতা বেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হঠাৎই বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। বিস্ফোরণ ঘটে তৃণমূল কর্মী আরিফুল মোল্লার বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় টালির চাল এবং বারান্দার ছাদ বোমার আঘাতে পুরোপুরি ভেঙে পড়ে। বোমার আঘাতের জেরে আশপাশের বাড়িতেও ক্ষতি হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একজন মহিলা গুরুতর আহত হয়েছেন। রোশনারা বিবি নামে ওই মহিাঁকেলাকে ঘটকপুকুরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছেন তারা। ঘরের ভেতরে বোমা মজুত করে রাখা ছিল নাকি বাইরে থেকে বোমা ছোঁড়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আইএসএফের তরফে অভিযোগ করা হয়েছে যে ওই তৃণমূল কর্মী এলাকায় অশান্তি ছড়াতে বাড়ির মধ্যে বোমা মজুত করেছিলেন।

তবে এই অভিযোগকে নাকোচ করে দিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর কথায়, “আইএসএফের কর্মীরা বাইরে থেকে বোমা ছোড়ার ফলেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকায় প্রতিনিয়ত অশান্তি পাকানোর চেষ্টা করছে আইএসএফ”।

অন্যদিকে আবার আরাবুলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আইএসএফ। আইএসএফ নেতার আইনুল হক বলেন, “এলাকায় অশান্তি পাকানোর জন্যই তারা বোমা মজুত করেছিল কেউ বোমা ছড়েনি। পুলিশ ঘটনার তদন্ত করুক তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হবে”।

একদিকে এগরা, বজবজে বাজির কারখানায় বিস্ফোরণের জেরে এখন অবৈধ বাজি উদ্ধারে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই একাধিক বিস্ফোরণের ঘটনায় ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলে জামিন পেলেও বেচু মণ্ডল নামে এক ব্যক্তিকে আটদিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত।

ডিএসপি (শিল্প) নিরুপম ঘোষ জানিয়েছেন, বেচু মণ্ডলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যে ঘাঁটিবাড়িতে বিস্ফোরণ হয় সেই বাড়িতে মজুত রাখা বাজির অধিকাংশই ছিল বেচু মণ্ডলের। এখনও পর্যন্ত বজবজ ও মহেশতলার নানান এলাকায় তল্লাশি চালিয়ে মোট ৯০ হাজার কেজি বেআইনি বাজি উদ্ধার করা হয়েছে। আর এরই মধ্যে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল তৃণমূল কর্মীর বাড়িতে।

RELATED Articles