সদ্য পুজোর প্রস্তুতি শুরু হয়েছে, থিম ঘোষণা নিয়ে চূড়ান্ত ব্যস্ততা চলছে কলকাতা শহর জুড়ে। এর মধ্যেই ফের বিতর্কে সন্তোষ মিত্র স্কোয়ার। পুজোর থিম হিসেবে ‘অপারেশন সিঁদুর’ ঘোষণার পরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। পূজো উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ তুলেছেন, এই থিম ঘোষণার পরেই পুলিশের তরফে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নোটিশ পাঠানো হয়েছে, যা কার্যত পুজো বন্ধের চেষ্টারই নামান্তর।
সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম ‘অপারেশন সিঁদুর’—যা ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক এক সাহসিকতা থেকে অনুপ্রাণিত। থিম ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মুচিপাড়া থানার তরফে পুজো কমিটিকে পাঠানো হয়েছে ‘ক্রাউড ম্যানেজমেন্ট’ সংক্রান্ত নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, স্টল বসানো যাবে না, নির্দিষ্ট সংখ্যক ভলান্টিয়ার রাখা হবে, এবং কিছু নির্ধারিত নিরাপত্তা শর্ত মানতে হবে।
এই ঘটনাকে ‘পূজো বন্ধের ষড়যন্ত্র’ বলেই দাবি করেছেন সজল ঘোষ। তাঁর অভিযোগ, বিগত দু’বছর সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ পরিদর্শনে আসেননি পুলিশ কমিশনারও। তিনি দাবি করেছেন, “কলকাতা পুলিশ এখন রাজনৈতিক ভাবে পক্ষপাতদুষ্ট। থিম পছন্দ না হলেই এমন নোটিশ পাঠানো হচ্ছে।” বিজেপির পক্ষ থেকেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
কলকাতা পুলিশ কিন্তু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, গত বছর এই পূজোতে ব্যাপক ভিড় হয়েছিল। জনসাধারণের সুরক্ষা ও চলাচলে সমস্যা যেন না হয়, সেই কারণেই কিছু স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে চলতে বলা হয়েছে। পূজো বন্ধ করার কোনও পরিকল্পনা বা উদ্দেশ্য তাদের নেই বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ ননসেন্স পোস্ট! এত আধুনিক বুলি আওড়ে এমন মন্তব্য করেন কি করে! মধুবনীর ‘শাঁখা-পলা’ পোস্ট ঘিরে ফের বিতর্কের ঝড় সামাজিক মাধ্যমে!
এই মুহূর্তে থিম পরিবর্তনের কোনও আলোচনা নেই পূজো কমিটির তরফে। বরং এই বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা চালাচ্ছেন সজল ঘোষ। পূজোর মাঠে এখন থিমের কাজ জোরকদমে চলছে, তবে বিতর্ক মাথাচাড়া দেওয়ায় প্রশাসনের প্রতিক্রিয়া এবং সামগ্রিক পরিবেশের উপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। শহরের অন্যতম আকর্ষণীয় পূজোর ভবিষ্যৎ এখন কিছুটা হলেও অনিশ্চিত।






