পিতৃ দিবসে বাবাকে নিয়ে মনের দরজা খুলে দিলেন টলিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের পুত্র যশোজিৎ। লিখলেন, ছোটবেলা থেকেই বাবাকে টিভির পর্দায় দেখে বড় হওয়া— কখনও রাগী ‘ওমরিশ পুরী’, কখনও স্নেহময় ‘ইরফান খান’। আবার কখনও বাবার রূপ ফারুখ শেখের মতো স্বপ্নপূরণে সঙ্গী এক বন্ধু।
যশোজিৎ লেখেন, “আমার বাবা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ঠোঁটকাটা, স্পষ্টভাষী, অথচ মিশুকে। ওর মতো করে সহজে মনের কথা বলতে পারা আমার পক্ষে সম্ভব নয়। আমি অনেকটাই চুপচাপ। তবে সৃষ্টিশীলতায় আমরা নাকি এক!”
ফাদার্স ডে-র প্রতি তেমন উৎসাহ না থাকলেও, বাবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাকেই বড় করে দেখেন তিনি। একসঙ্গে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, ভিডিও গেম খেলা— এই সব কিছুতেই ভরপুর তাঁদের সম্পর্ক।
লিখলেন, “প্রেমিকা হলে বাবাকেই প্রথম বলব, এ কথা বাবা নিজেই আগেই জানিয়ে দিয়েছে।” বাবা যে পর্দায় ‘ভিলেন’, তাতেই কখনও স্কুলে সহপাঠীদের রসিকতার মুখে পড়তে হয়েছে যশোজিতকে। কিন্তু বললেন, “আমি মজাই পেতাম!”
সাম্প্রতিক নানা বিতর্ক নিয়েও সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন। স্পষ্ট করে লেখেন, “২১ বছরের বিবাহিত জীবন, আমাদের মধ্যে বিশ্বাস অটুট। আমাদের পারিবারিক ছবি দেখিয়ে বোঝাতে হয় না আমরা এক।”
আরও পড়ুনঃ Santosh Mitra Square: বন্ধ হতে পারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো? থিম ঘোষণার পরই পুলিশের নোটিশে বিস্ফোরক সজল ঘোষ—‘পুজো আটকে দিতে চাইছে কলকাতা পুলিশ!’
সব শেষে জানিয়ে দিলেন, “আমার বাবা আমার রোল মডেল নয়, কারণ আমি কোনও আদর্শে বাঁধা মানুষ নই। কিন্তু বাবা আমার সবচেয়ে ভরসার জায়গা, আমার প্রিয়তম বন্ধু।”





