নাকতলা রোডের একটি ফ্ল্যাটে আগুন লেগে ঝলসে মৃত্যু হল ৮টি বিড়াল ও একটি কুকুরের। স্থানীয়রা জানিয়েছেন, পোষ্যগুলি খাঁচায় বন্দি ছিল। ফ্ল্যাটে আগুন লাগার জেরে পুড়ে মৃত্যু হয় অবলা জীবগুলির। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গতকাল, শনিবার গভীর রাতে নেতাজিনগর থানার ৩৫বি নাকতলা রোডের একটি চার তলা আবাসনের এক তলার বন্ধ ফ্ল্যাটে আগুন লাগে। ওই ফ্ল্যাটে খাঁচাবন্দি অবস্থায় ছিল কয়েকটি বিড়াল এবং কুকুর। অগ্নিকাণ্ডের জেরে তারা পুড়ে মারা যায়।
এই আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় টালিগঞ্জের দমকল বাহিনী। ভোট ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। আগুনে পোড়া ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনাস্থলে ফরেন্সিক দলের যাওয়ার কথা।
পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটের মালিক থাকেন যাদবপুরের সাউথ সিটিতে। পোষ্যদের খাওয়াতে রোজ এই ফ্ল্যাটে আসতেন তিনি। স্থানীয়দের কথায়, ফ্ল্যাটে দুর্গন্ধ হত বলে রোজ ধূপকাঠি জ্বালাতেন মালিক। অনুমান, ওই ধূপকাঠির আগুন থেকেই আগুন লেগেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






