আগামী ২১শে জুলাই রয়েছে তৃণমূল শহিদ দিবসের সমাবেশ। গত দু’বছর করোনা অতিমারির কারণে এই সমাবেশ হয়নি। তবে এই বছর বেশ বড় করেই পালিত হবে শহিদ দিবস। এর জন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নানান রাজ্য থেকেই এদিন এই সমাবেশে যোগ দিতে আসবেন লোকজন। শহরে তুমুল ভিড়ের সম্ভাবনা তো রয়েইছে।
এই ২১শে জুলাইকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। রাজ্য সরকারের তরফে পুলিশ-প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবার জানা গেল যে এই সমাবেশের কারণে কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকবে।
ট্র্যাফিক পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে ২১শে জুলাইয়ের দিন সমাবেশের কারণে কলকাতার ৯টি রাস্তা প্রায় ১৭ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। ওই রাস্তাগুলিতে কোনও যান চলাচল হবে না ওইদিন ১৭ ঘণ্টার জন্য। ২১শে জুলাই ভোট চারটে থেকে রাত ন’টা পর্যন্ত কলকাতার ৯টি রাস্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।
ট্রাফিকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোডে (হেয়ার স্ট্রিট থেকে উডমান্ড স্ট্রিট), বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণি (বি কে পাল থেকে লালবাজার পর্যন্ত)।

শুধু তাই-ই নয়, এদিন কলকাতার বেশ কিছু বেসরকারি স্কুলে ওইদিন অনলাইন ক্লাস করানো হবে বলেও জানানো হয়েছে। এছাড়া এও জানা গিয়েছে যে কিছু স্কুলে ২১শে জুলাইয়ের দিন ছুটিও ঘোষণা করা হয়েছে। রাস্তায় বেরিয়ে যানজটের মধ্যে পড়ে পড়ুয়ারা যাতে কোনও ভোগান্তির মধ্যে না পড়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলগুলির তরফে, এমনটাই জানা গিয়েছে।





