শিক্ষাক্ষেত্রে মুখ উজ্জ্বল হল বাংলার, দেশের সেরা দশের তালিকায় স্থান পেল কলকাতার একাধিক স্কুল

দেশের শিক্ষাক্ষেত্রে ফের একবার নাম উজ্জ্বল হল বাংলার। দেশের সেরা স্কুলের তালিকায় নাম করে নিল কলকাতার একাধিক স্কুল। বার্ষিক এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুলের তরফে গত বুধবার র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।

২০২৩-২৪ সালের এই র‍্যাঙ্কিংয়ে নানান বিভাগের সেরা দশ স্কুলের তালিকায় রয়েছে কলকাতার একাধিক স্কুল। এর মধ্যে অধিকাংশ স্কুলই নামী বেসরকারি স্কুল হলেও দেশের সেরা রাজ্য স্কুলগুলির মধ্যে প্রথমে রয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত যাদবপুর বিদ্যাপীঠ স্কুল। দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে এই স্কুলটি।

আর কোন কোন স্কুল রয়েছে এই তালিকায়?

বয়েজ ডে স্কুলের তালিকায় বিড়লা হাই স্কুল রয়েছে তৃতীয় স্থানে। ষষ্ঠ স্থানে ডন বসকো স্কুল, পার্কসার্কাস। হাওড়ার এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠ রয়েছে সপ্তম স্থান। আর গার্লস ডে স্কুলগুলির তালিকাতে তৃতীয় স্থান পেয়েছে কলকাতারই একটি স্কুল। সেটি হল মডার্ন হাই স্কুল ফর গার্লস। এই তালিকার দশম স্থানে রয়েছে সুশীলা বিড়লা গার্লস স্কুল।

অন্যদিকে, ভিন্টেজ বয়েজ ডে স্কুলের সেরা দশের তালিকায় কলকাতার তিনটি স্কুল রয়েছে। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, চতুর্থ স্থানে জায়গা পেয়েছে লা মার্টিনিয়ার ফর বয়েজ আর দশম স্থানাধিকারী স্কুল হল সেন্ট লরেন্স হাই স্কুল।

আবার দেশের ভিন্টেজ গার্লস ডে স্কুলগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে লা মার্টিনিয়ার ফর গার্লস, চতুর্থ স্থান পেয়েছে লরেটো হাউজ মিডলটন। ফিলানথ্রপিক স্কুলগুলির মধ্যে ফিউচার হোপ স্কুল রয়েছে অষ্টম স্থানে। 

তবে কো-এড ডে স্কুলের তালিকায় সেরা দশে কলকাতার কোনও স্কুল জায়গা পায়নি ঠিকই, কিন্তু সেরা একশোর তালিকায় রয়েছে শহরের ১৪টি স্কুল। আবার কো-এড ডে কাম বোর্ডিং স্কুলের সেরা একশোর তালিকায় নাম রয়েছে শহরের দুই স্কুলের।  

RELATED Articles