আগামীকাল, বৃহস্পতিবার অর্থাৎ ১লা সেপ্টেম্বর রয়েছে দুর্গাপুজোর র্যালি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই র্যালির আয়োজন করা হয়েছে। এই কারণে আগামীকাল শহরের বেশ কিছু স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোনও কোনও স্কুলে আবার অনলাইনে পঠনপাঠন হবে বলে জানা গিয়েছে। এই র্যালি শুরু হবে জোড়াসাঁকো থেকে।
ক্যালকাটা গার্লস হাইস্কুল এবং কলকাতার সেন্ট অগাস্টিন ডে স্কুল কাল পুজোর মিছিলের জন্য ছুটি ঘোষণা করেছে। তবে স্কুলের তরফে জানানো হয়েছে যে আগামী শনিবার স্কুল খোলা থাকবে। সাউথ পয়েন্ট এবং অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে অনলাইনে ক্লাস হবে বলে জানানো হয়েছে।
এই র্যালিতে অংশ নেবেন শহরের প্রতিটি দুর্গাপুজোর উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছিলেন যাতে এদিন কোনও বাচ্চা রাস্তায় না আটকে পড়ে। দুপুরের মধ্যে স্কুল বন্ধ করার পরামর্শও দিয়েছিলেন তিনি।
একদিকে কিছু কিছু স্কুল পঠনপাঠন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুপুরের মধ্যে এই সমস্ত স্কুলে ছুটি হয়ে যাবে বলে জানা গিয়েছে। তবে মধ্য কলকাতার স্কুলগুলি কোনও ঝুঁকি নিচ্ছে না। এই অঞ্চলের বেশিরভাগ স্কুলই আগামীকাল বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
ক্যালকাটা গার্লস হাই স্কুলের অধ্যক্ষ বাসন্তী বিশ্বাস জানান যে তাঁরা আগামীকাল বৃহস্পতিবার ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যেহেতু সিলেবাস শেষ করতে হবে, তাই এই শনিবার খোলা থাকবে স্কুল। সাউথ পয়েন্টর তরফে জানানো হয়েছে যে পুজোর র্যালির কথা মাথায় রেখে দুটি শিফটে সব ক্লাস হবে অনলাইনে।
এছাড়াও, লা মার্টিনিয়ার, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমী, লরেটো হাউস, সাউথ সিটি ইন্টার ন্যাশানাল স্কুল, ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল আগামীকাল তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।





