Sheikh shahjahan : “ঠেলে খাদে ফেলে মৃ*ত্যু নিশ্চিত, তারপর বাইকে চেপে উধাও”— সাক্ষীর ছেলের মৃত্যু কি সত্যিই দুর্ঘটনা? জেলে বসে ‘খুনের ছক’ কষার অভিযোগে ফের প্রশ্নের মুখে শেখ শাহজাহান!

সকালের ব্যস্ত রাস্তায় হঠাৎ এক ভয়ঙ্কর দৃশ্য। মুহূর্তের মধ্যেই সাধারণ মানুষের চোখে পড়েছে ভাঙা গাড়ি, আর নিথর দেহ। দক্ষিণ ২৪ পরগনার ন্যাজাটে ঘটে গেল এক ‘দুর্ঘটনা’, কিন্তু স্থানীয়দের প্রশ্ন— এটা কি সত্যিই নিছক দুর্ঘটনা? না কি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনও পরিকল্পনা? ঘটনার কেন্দ্রবিন্দুতে ফের সেই নাম— সন্দেশখালির বিতর্কিত নেতা শেখ শাহজাহান।

ঘটনাটি ঘটে বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে, বাসন্তী হাইওয়েতে। মঙ্গলবার সকালেই ভোলানাথ শেখ যাচ্ছিলেন বসিরহাট আদালতের উদ্দেশে। সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে সত্যজিৎ ও গাড়ির চালক শাহানুর। হঠাৎই একটি দশ চাকার লরি তাঁদের গাড়ির পাশে এসে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার পর ট্রাকটি গাড়িটিকে ঠেলে খাদে ফেলে দেয়, আর সেখানেই মৃত্যু হয় ভোলার ছেলে ও চালকের। আশ্চর্যের বিষয়, লরির চালক সঙ্গে সঙ্গেই লাফিয়ে নেমে পাশের একটি বাইকে উঠে উধাও হয়ে যায়।

ঘটনার পরই সন্দেহের তির উঠছে শেখ শাহজাহানের দিকেই। কারণ, ভোলানাথ শুধু একজন সাধারণ ব্যক্তি নন— তিনি তৃণমূল কর্মী ছিলেন এবং বর্তমানে ইডি ও সিবিআই মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষী। বুধবার তাঁর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল, আর ঠিক তার আগের দিনই ঘটে গেল এই দুর্ঘটনা। পরিবার থেকে দাবি উঠেছে, এটি পরিকল্পিত খুন। তাঁদের অভিযোগ, জেলে বসেই শাহজাহান এই ছক কষেছেন, যাতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য আদালতে পৌঁছাতে না পারে।

বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য আরও তীব্র, “এটা কোনও দুর্ঘটনা নয়, এটা খুনের কেসকে দুর্ঘটনা সাজানোর চেষ্টা।” তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ন্যাজাট পঞ্চায়েতের সভাপতি সবিতা রায় ও সহ-সভাপতি মোসলেম শেখ জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

আরও পড়ুনঃ Abandoned Voter Cards beside NH : জাতীয় সড়কের পাশে বস্তাবন্দি ভোটার কার্ড, SIR প্রক্রিয়ার মাঝে হুলস্থুল কাণ্ড!

ভোলানাথ একসময় শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন। পরে অনৈতিক কাজ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ শুরু হয়। অভিযোগ, ২০২১ সালে শাহজাহানের নির্দেশেই ভোলার বাড়িতে হামলা হয়, তারপর থেকেই তিনি এলাকাছাড়া ছিলেন। শাহজাহান গ্রেফতার হওয়ার পরেই ফের গ্রামে ফেরেন ভোলা। এবার আদালতে তাঁর সাক্ষ্যের আগের দিন এমন রহস্যময় দুর্ঘটনা ঘটায় গ্রামজুড়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন— শাহজাহানের জেল থেকেই কি চলেছে সাক্ষীকে সরানোর ছক? পুলিশ এখনও তদন্তে নামলেও, প্রশ্ন থেকে যাচ্ছে— সত্যিই কি এটা দুর্ঘটনা, না কি সাক্ষীর উপর ছক করা হামলা?

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর