Abandoned Voter Cards beside NH : জাতীয় সড়কের পাশে বস্তাবন্দি ভোটার কার্ড, SIR প্রক্রিয়ার মাঝে হুলস্থুল কাণ্ড!

১২ নম্বর জাতীয় সড়কের ধারের দিকে আজ সকাল থেকে কৌতূহল আর সন্দেহ মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ। ভোটার তালিকা সংশোধনের সময়কালে রাস্তায় পড়ে থাকা বস্তা দেখে প্রথমে কেউ ভাবেননি এর ভিতরে কী থাকতে পারে। কিন্তু বস্তার মুখ ছিঁড়ে রয়েছে দেখে স্থানীয়রা যখন একটু উঁকি দেন, তখনই শুরু হয় এলাকার হুলস্থুল কাণ্ড। কারণ বস্তার ভিতরে যে জিনিসটি পাওয়া যায়, তা সাধারণ কোনও আবর্জনা নয়।

স্থানীয়রা জানান, বস্তার ভিতর থেকে বেরিয়ে আসে অনেকগুলি ভোটার পরিচয়পত্র। প্রথমে কয়েকটি হাতে এলেও পরে দেখা যায় সংখ্যাটা নেহাত কম নয়—শতাধিক কার্ড। অবাক করা বিষয় হল, বেশিরভাগ কার্ডেই উত্তর ২৪ পরগনার ঠিকানা। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে কার্ডগুলি সংগ্রহ করে থানায় নিয়ে যায়। আপাতত তদন্ত শুরু হয়েছে ঠিক কীভাবে এই সমস্ত ভোটার কার্ড জাতীয় সড়কের পাশে এসে পড়ল, তা খতিয়ে দেখতে।

ঘটনাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এই সময়েই চলছে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়া। রিপোর্ট অনুযায়ী, এই প্রক্রিয়ার মধ্যেই নদিয়ার শান্তিপুরেও আবর্জনার স্তূপ থেকে একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছে। ফলে প্রশ্ন উঠছে—এসব কি আলাদা আলাদা ঘটনা, নাকি এর পিছনে কোনও গাফিলতি বা বড়সড় অসংগতি রয়েছে? স্থানীয়দের দাবি, বস্তার মধ্যে ভোটার কার্ড ছাড়াও বিভিন্ন কাজপত্র ছিল, যা বিষয়টিকে আরও সন্দেহজনক করে তোলে।

ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, SIR চলাকালীন রাজ্যে এখনও পর্যন্ত ‘আনকালেক্টেবল ফর্ম’-এর সংখ্যা ৫৭ লক্ষেরও বেশি। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষের ওপর, স্থানান্তরিত ১৯ লক্ষের বেশি, নিখোঁজ ১১ লক্ষের বেশি এবং ডুপ্লিকেট কার্ড ১ লক্ষেরও বেশি। কমিশনের মতে, সব তথ্য এখনও সম্পূর্ণভাবে আপলোড করা হয়নি। ফলে চূড়ান্ত হিসেব আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে রাস্তায় পড়ে থাকা ভোটার কার্ড নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

আরও পড়ুনঃ West Bengal government : ১০০ দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য! ‘রাজ্য কেন্দ্রের নির্দেশ মানেনি’— সংসদে কেন্দ্রের লিখিত বক্তব্যে স্পষ্ট উঠে এল কেন আটকে রয়েছে সম্পূর্ণ অর্থ!

১৬ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। এরপর ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে, এবং সেই সব দাবি-আপত্তি খতিয়ে দেখবে কমিশন। কিন্তু তার আগেই হাইওয়ের ধারে শতাধিক ভোটার কার্ড মিলতে শুরু করায় প্রশ্ন উঠছে—তালিকা সংশোধনের দায়িত্বে থাকা সংস্থাগুলির কাজ কতটা সুরক্ষিত? তদন্তে কী উঠে আসে, এখন সেটাই দেখার অপেক্ষা।A

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles