“আপনার মা বা বোন থাকলে জিজ্ঞেস করবেন তো!” চেহারা নিয়ে লাগাতার ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব হয়ে, অসুস্থতার কষ্টের কথা জানালেন ইমন চক্রবর্তী! কোন রো’গে আক্রান্ত তিনি? চিকিৎসার কী উপায়?

সম্প্রতি ব্যক্তিগত এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। মায়ের মৃত্যুদিনে কিছু কটূ মন্তব্যের মুখে পড়ে তিনি সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। সেই ঘোষণা করার সময়ই এক নেটিজেন তাঁর চেহারা নিয়ে প্রশ্ন তোলেন। মন্তব্য করা হয়, একজন সেলিব্রিটির গালে কেন ব্রণ থাকবে। এই মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ইমন। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় নিজের বক্তব্য তুলে ধরেন এবং সোশ্যাল মিডিয়ার এই অযৌক্তিক সমালোচনার বিরুদ্ধে সরব হন।

সাক্ষাৎকারে ইমন জানান, তিনি একটি দীর্ঘদিনের শারীরিক সমস্যায় ভুগছেন যার নাম এন্ডোমেট্রিওসিস। এই রোগে ওভারির উপর এক ধরনের আস্তরণ তৈরি হয় এবং মাসিকের সময় অসহ্য যন্ত্রণা হয়। ইমনের কথায়, এই সমস্যাটি শুধু তাঁর একার নয় বরং বিশ্বের বহু মহিলাই এই সমস্যার সম্মুখীন হন। তিনি জানান, মাসিকের আগে শরীরে নানা ধরনের হরমোন পরিবর্তন হয় যার প্রভাব ত্বকের উপরও পড়ে। ত্বক অনেক সময় তৈলাক্ত হয়ে যায় এবং তার ফলেই ব্রণের সমস্যা দেখা দেয়। কিন্তু অনেকেই এই বিষয়গুলি না জেনেই অযথা মন্তব্য করেন বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

এই প্রসঙ্গে ইমন আরও বলেন, অনেকেই হয়তো বুঝতে পারেন না যে একজন নারীর শরীরে মাসিকের সময় কতটা পরিবর্তন ঘটে। তিনি সেই সমালোচককে উদ্দেশ্য করে বলেন, বাড়িতে যদি মা বা বোন থাকেন তবে তাঁদের জিজ্ঞেস করলে বোঝা যাবে এই সময় কতটা কষ্ট সহ্য করতে হয়। সমাজে এখনও নারী পুরুষের জন্য আলাদা আলাদা প্রত্যাশা তৈরি করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কেন একজন পুরুষকে লম্বা হতে হবে বা বেশি রোজগার করতে হবে আর একজন নারীকে সবসময় শান্ত স্বভাবের হতে হবে সেই প্রশ্নও তুলেছেন গায়িকা।

ইমন জানান, তিনি সাধারণ পরিবারে বড় হলেও তাঁর বাবা মা তাঁকে সবসময় খোলামেলা ভাবে ভাবতে শিখিয়েছেন। তাই মাসিক নিয়ে কথা বলতে তিনি কোনও অস্বস্তি বোধ করেন না। তাঁর মতে, এই ধরনের বিষয় নিয়ে লজ্জা বা সংকোচ না রেখে সচেতনতা বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, মাসিকের সময় শরীরে হরমোনের প্রভাবের কারণে ব্রণ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার এবং মাসিক শেষ হয়ে গেলে সেই সমস্যাও অনেক সময় নিজে থেকেই ঠিক হয়ে যায়। তাই এই বিষয়কে কেন্দ্র করে কাউকে ছোট করা বা কটাক্ষ করা একেবারেই উচিত নয় বলে মনে করেন গায়িকা।

আরও পড়ুনঃ “এবার মানুষের উপকারে আসতে চাই!” রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়ে বার্তা কোয়েল মল্লিকের! রূপোলি পর্দা পেরিয়ে রাজনীতির ময়দানে সফল হবেন কি?

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের নিয়ে কটূ মন্তব্য বা ব্যাশিংয়ের প্রবণতা ক্রমশ বাড়ছে। সম্প্রতি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারকেও নানা আক্রমণের মুখে পড়তে হয়েছে। অন্যদিকে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাঁর শারীরিক গঠন নিয়ে কটাক্ষের বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন। ইমন চক্রবর্তীও তাঁর বিরুদ্ধে আসা কিছু নোংরা মন্তব্য নিয়ে আইনি পদক্ষেপের পথে হাঁটছেন। তাঁর মতে, মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কাউকে অপমান করা বা ব্যক্তিগতভাবে আঘাত করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles