শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে এপিজে বাংলা সাহিত্য উৎসবের ষষ্ঠ সংস্করণ। অক্সফোর্ড বুকস্টোরের উদ্যোগে ও প্রভা খৈতান ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হবে এই সাহিত্য উৎসব। করোনা পরিস্থতির কথা মাথায় রেখেই এই বছর অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এপিজে বাংলা সাহিত্য উৎসব। এই অতিমারির সময়কালে সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ও মানুষের সঙ্গে সাহিত্যের মেলবন্ধনের ঘটাতেই এই বছর ১৫ এবং ১৬ই জানুয়ারি অনলাইনে অনুষ্ঠিত হবে এই উৎসব।
২০২০ সালে একাধিক স্মরণীয় ঘটনা ঘটেছে। একদিকে যেমন অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ১০০ বছরের জন্মপূর্তি পালন হয়েছে সেই বছরে, ঠিক তেমনিই অন্যদিকে বর্ষীয়ান নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কেও হারিয়েছি আমরা। এই বছরের এই এপিজে বাংলা সাহিত্য উৎসবে এই দুই কিংবদন্তীকে নিয়ে আলোচনা হবে ও তাঁদের শ্রদ্ধাঞ্জলিও জানানো হবে। এই উৎসবে নতুন ও আগামী প্রজন্মের বাংলা লেখকদেরও উৎসাহিত করার প্রয়াস করা হবে বলে জানা গিয়েছে।
এপিজে বাংলা সাহিত্য উৎসব ২০২১-এর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সত্যজিৎ রায়কে নিয়ে গবেষণা করা গবেষক ও সাংবাদিক দেবাশিস মুখোপাধ্যায়, ক্রীড়া সাংবাদিক সব্যসাচী সরকার, লেখক প্রসেনজিত দাশগুপ্ত, সায়ন্তনী পুতাতুন্ড, শীর্ষ বন্দ্যোপাধ্যায়, বিনোদ ঘোষাল, দেবারতি মুখোপাধ্যায়, থিয়েটার শিল্পী পৌলমী বসু, আন্তঃবিষয়ক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, ও বাংলাদেশী লেখক সাদাত হোসেন। এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৬ই জানুয়ারি। এপিজে বাংলা সাহিত্য উৎসবের ফেসবুক পেজ থেকে বিকেল ৪টে থেকে লাইভ এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে।





