সোমবার থেকে শুরু হচ্ছে কোলকাতা মেট্রোর (Kolkata metro)পরিষেবা। কাল অর্থাৎ রবিবার নিট(NEET) পরীক্ষার্থীদের জন্য এবং সোমবার থেকে আম জনতার জন্য ছুটবে মেট্রোরেল।শুধুমাত্র সংক্রমণের কথা মাথায় রেখে টোকেন ব্যবস্থা উঠিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ! তার জায়গায় অনলাইনে বিশেষ পাসের ব্যবস্থা করেছে মেট্রো রেল। এছাড়াও স্মার্ট কার্ড(Smart card) তো রয়েছেই। সেটিরও অনলাইনে রিচার্জ করার সুবিধা এনে দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। আর
নিউ নর্মালের(New normal) এই আবহাওয়ায়তেই বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে জালিয়াত বাহিনী। বেশ কিছুদিন যাবত এই ধরনের জালিয়াতির অভিযোগ জমা পড়েছে ব্যারাকপুর(Barrackpore), বিধাননগর কমিশনারেট(Bidhannagar commissionerate) এবং কলকাতা পুলিশের(Kolkata police) বিভিন্ন থানায়।
প্রত্যেকেরই প্রায় অভিযোগের ধরণ একই রকম। মেট্রো রেলের তরফ থেকে নাম ভাড়িয়ে প্রতারক ফোন করে বলছে, ‘আপনার স্মার্ট কার্ডটি এখনই রিচার্জ করতে হবে। না হলে সেটি বন্ধ হয়ে যেতে পারে। অনলাইনে ঘরে বসেই এখন রিচার্জ করা সম্ভব।’ যদিও সবার মেট্রো স্মার্ট কার্ড না থাকায় সব ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করছে না। কিন্তু যাঁদের স্মার্ট কার্ড রয়েছে তাঁদের কাছে জানতে চাওয়া হচ্ছে, যে তাঁরা কত টাকার রিচার্জ করাতে চান। এর পরই পাঠানো হচ্ছে একটি কিউআর কোড(QR code)। আর সেটি কোনও পেমেন্ট অ্যাপ দিয়ে স্ক্যান করলেই প্রতারিত হতে হচ্ছে বলে অভিযোগ। মেট্রো স্মার্ট কার্ড রিচার্জের উদ্দেশ কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫, ১০, ১৫ হাজার টাকা বা তারও বেশি অর্থরাশি উধাও হয়ে যাচ্ছে।
তবে এক পুলিশ আধিকারিকের কথায়, এত প্রচারের পরও মানুষ একই ধরনের ভুল করছে। কিআর কোড স্ক্যান করার আগে কত টাকার লেনদেন হতে চলেছে সেটা ঠিক মতো দেখা উচিত। কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, মেট্রোর অ্যাপ রয়েছে, ওয়েবসাইট আছে। অনলাইনে সেখানেই স্মার্ট কার্ড রিচার্জ করা যায়।
একইসঙ্গে তিনি জোর গলায় উল্লেখ করেন রিচার্জ করাতে মেট্রোর তরফ থেকে কোনও ফোন করা হয় না।





