‘আমার নির্দোষ, ভালো ছেলেটাকে ফাঁসাচ্ছে স্বপ্নদীপের বাবা’, দাবী যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভিযুক্ত সৌরভের মায়ের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যু নিয়ে এখন গোটা রাজ্য-রাজনীতি উত্তাল। মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বাবা তাঁর ছেলের মৃত্যুর জন্য মামলা দায়ের করেছিলেন। অভিযোগ উঠেছিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীর বিরুদ্ধে।

গতকাল, শুক্রবার রাতে সেই অভিযোগের ভিত্তিতেই সৌরভকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হবে। সৌরভকে আগের থেকেই জিজ্ঞাসাবাদ চলছিল।

অনেক আগেই স্নাতক পাশ করেছিলেন সৌরভ

জানা গিয়েছে, ২০২২ সালেই স্নাতক পাশ করেছিলেন সৌরভ। কিন্তু তারপরও কেন হোস্টেলে থাকতেন তিনি, তা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা যাচ্ছে, এই হোস্টেলে নাকি গেস্ট হিসেবে থাকতেন সৌরভ। তিনি বিশ্ববিদ্যালয়ের মেস কমিটির সদস্য। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণোর বাসিন্দা তিনি।

কী দাবী সৌরভের মায়ের?

স্নাতক পাশ করার পরও ওই হোস্টেলেই ছেলের থাকা প্রসঙ্গে সৌরভের মা দাবী করেন যে তাঁর ছেলে নাকি একা ভাড়া বাড়িতে থাকতে পারত না। সৌরভ মাকে বলেছিল, “একটা চাকরি পেলে হোস্টেল ছেড়ে দেব”। তাঁর মায়ের দাবী, হোস্টেলের সকলে তাঁর ছেলেকে খুব ভালবাসত। তাই তাঁর সেখানে থাকাতে কোনও সমস্যা ছিল না। তিনি এও জানান যে তাঁর ছেলে একবার বাইরে ঘর ভাড়া নিয়ে থাকতে গিয়েছিল, কিন্তু একা থাকতে না পারে নি বলে ফের হোস্টেলে ফিরে যায়। তাঁর কথায়, এরকম অনেকেই পাশ করার পরও হোস্টেলে থাকেন। 

সৌরভের কথাতেই ছেলেকে হোস্টেলে রাখেন দাবী স্বপ্নদীপের বাবার

অন্যদিকে, স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু অভিযোগ করেছেন, “সৌরভের কথাতে ছেলেকে ওই হোস্টেলে রাখা হয়। ওই অত্যাচার করেছে। ওঁরাই আমার ছেলেকে নীচে ফেলে মেরে দিয়েছে”। জানা গিয়েছে, এফআইআর-এ সৌরভের নাম জানিয়েছিলেন মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রমাপ্রসাদ কুণ্ডু।

স্বপ্নদীপের বাবার কথায়, প্রথমে হোস্টেলে সুযোগ পায়নি স্বপ্নদীপ। তারপর এক চায়ের দোকানে সৌরভের সঙ্গে আলাপ হয় স্বপ্নদীপের। যাদবপুরের প্রাক্তনী প্রথম বর্ষের পড়ুয়াকে জানান, হোস্টেলে সুযোগ না পেলে গেস্ট হিসেবে সে থাকতে পারে। এই নিয়ম চালু আছে হোস্টেলে। এর জন্য ১০০০ টাকা দিতে হবে। গত ৩ আগস্ট স্বপ্নদীপের সঙ্গে এই কথা হয়েছিল সৌরভের।

ছেলের সম্পর্কে কী জানান সৌরভের মা?

সৌরভের মায়ের কথায়, তাঁর ছেলে ১০০% নির্দোষ। মৃত ছাত্র স্বপ্নদীপের বাবা তাঁর ছেলেকে ফাঁসাচ্ছে বলে দাবী সৌরভের মায়ের। তিনি এও দাবী করেন, যাদবপুরের হোস্টেলে যে কেউই বলবে যে তাঁর ছেলে নির্দোষ।

RELATED Articles