মঙ্গলবার ইডেনে বিশ্বকাপের ম্যাচ, রাতে বাড়ি ফেরা নিয়ে নো টেনশন, শহরে চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো

গোটা দেশ এখন বিশ্বকাপ জ্বরে কাঁপছে। আজ, মঙ্গলবার কলকাতার ইডেনে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। এর জেরে শহরে আজ আলাদাই উন্মাদনা। গোটা স্টেডিয়াম হাউসফুল। টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। তবে বাধ সাধছিল রাতে বাড়ি ফেরা নিয়ে। এবার সেই টেনশনও কমল ক্রিকেটপ্রেমীদের। অতিরিক্ত ট্রেন ও মেট্রো পরিষেবার ব্যবস্থা করল কর্তৃপক্ষ।

মঙ্গলবার ইডেনে ম্যাচ দেখার পর বাড়ি ফিরতে বেশ রাত হবে সকলের। বেশিরভাগ মানুষই গণপরিবহণ ব্যবস্থার উপরই নির্ভরশীল। তারা যাতে রাতে বাড়ি ফিরতে কোনও সমস্যায় না পড়েন সেই কারণে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আবার অন্যদিকে, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে এদিন রাতে অতিরিক্ত ট্রেনও পাবেন সকলে।  

কোন কোন ট্রেন অতিরিক্ত চলবে?

জানা গিয়েছে, প্রিন্সেপ ঘাট ও বারাসত এবং বিবাদী বাগ থেকে বারুইপুরের মাঝে একটি বিশেষ ট্রেন চলবে মঙ্গলবার রাতে। হাওড়া থেকে রাতের তারকেশ্বর লোকালেরও সময় পরিবর্তন করা হয়েছে। প্রথম ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে ছাড়বে রাত ১০টা ৫৫ মিনিটে। তা বারাসতে গিয়ে পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে।

অন্য একটি ট্রেন ছাড়বে বিবাদী বাগ থেকে। সেটি বারুইপুরের উদ্দেশে যাবে। ১০টা ৪৫ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়বে এই ট্রেনটি। তা বারুইপুর পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিটে। আবার যারা হাওড়ার দিকে ফিরবেন, তাদের জন্যও বিশেষ পরিষেবা দিচ্ছে রেল। এদিনের জন্য ১১টা ৫ মিনিটের তারকেশ্বর লোকাল ১১টা ১৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে।

মেট্রোর সময়সূচী কী?

উত্তর-দক্ষিণ শাখার জন্য বিশেষ মেট্রো পরিষেবা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে দশটার পর এক জোড়া মেট্রো চলবে। রাত পৌনে ১১টায় এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর একটি মেট্রো যাবে। সেই মেট্রো দক্ষিণেশ্বরে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। আবার এই একই সময়ে অন্য একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে কবি সুভাষের দিকে যাবে। সেই মেট্রো শেষ স্টেশনে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে।

RELATED Articles