গত ৫৭৫ দিন ধরে ধরনা মঞ্চে তারা। রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এবার এই ধরনা মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন এক চাকরিপ্রার্থী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
৫৭৫ দিন ধরে মেয়ো রোডে ধরনা দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। আগের বাম সরকারের আমলে ২০০৯ সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষাও হয়েছিল। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে। ২০১৪ সালে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়।
প্রত্যন্ত জেলাগুলির নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগনা জেলার নিয়োগ আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি। ১৩ বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন তাঁরা। দেড় বছরের বেশি সময় ধরে নিয়োগের দাবিতে রাস্তায় আন্দোলন করছেন তাঁরা।
এদিন মেয়ো রোডে ধরনা মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন দেবাশিস রায় নামের এক চাকরিপ্রার্থী। মনে করা হচ্ছে তীব্র গরমের জেরে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তিনদিন আগেও এক চাকরিপ্রার্থী ধরনা মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ধরনার ৫৭৫ দিন কেটে যাওয়ার পরও মেলেনি চাকরি। আদালত রায় দেওয়ার পরও নিয়োগপত্র হাতে আসেনি। কেউ ৫ বছর তো কেউ আবার ৩ বছর চাকরি থেকে বঞ্চিত। এদের মধ্যে কেউ বা টেট উত্তীর্ণ, কেউ বা আবার নবম-দশম-একাদশ-দ্বাদশ শ্রেনির তালিকায় রয়েছেন। এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র প্রার্থীরাও বঞ্চিত। দুর্গাপুজো হোক বা লক্ষ্মীপুজো, ধরনা মঞ্চ ছাড়েন নি কেউ।





