করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কের জেরে এবার পিছিয়ে যাচ্ছে রাজ্যের ১১১টি পুরসভার নির্বাচন৷ সোমবার রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এরকমটাই জানা গিয়েছে। এদিন রাজ্যের ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে কমিশন। পুরভোট ও করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা চলে। ১৫ দিন পর ফের পর্যালোচনা বৈঠক করবে কমিশন। সেদিনই পুরভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সোমবার সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে পুর ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা ছিল৷ এদিনের বৈঠক শেষে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, আগামী ৩০ মার্চ ফের পরিস্থিতির পর্যালোচনা করে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ ততদিন পর্যন্ত ভোটের দিন ঘোষণা স্থগিত থাকবে৷
অন্যদিকে রাজনৈতিক মহলের মতে, রাজ্যের পুরভোট রমজান মাসের পরেই হতে পারে৷ আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে রমজান মাস৷ চলবে এক মাস৷ এপ্রিলের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়ায় পুরভোট হওয়ার সম্ভাবনা ছিল৷ করোনা আতঙ্কে ওই দু’টি পুরসভার ভোট এপ্রিলে হচ্ছে না৷






