‘মাথায় মমতা সরকারের আশীর্বাদ’, চুপিসারে বিদ্যুতের দাম বাড়ানোয় CESC-কে তুলোধোনা শুভেন্দু অধিকারীর

যতই দিন যাচ্ছে, ক্রমেই বেড়ে চলেছে বাজারদরও। বর্তমান যা পরিস্থিতি তাতে জ্বালানি থেকে শুরু করে রান্নার গ্যাস, সবজি, মাছ, মাংস, সবকিছুরইদাম একেবারে আকাশছোঁয়া। আর এরই মধ্যে এই মূল্যবৃদ্ধির দোসর হল CESCও। বিদ্যুতের দাম বাড়িয়ে দিল সংস্থা।

গত জানুয়ারি মাসেও ২৫ ইউনিট বিদ্যুতের জন্য যেখানে খরচ পড়ত ১২২ টাকা, সেখানে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসে সেই একই ইউনিট বিদ্যুতের জন্য দাম বেড়ে দাঁড়াল ১২৯ টাকায়। আর সবথেকে বড় ব্যাপার হল এই বিদ্যুতের দাম বাড়ানোর জন্য গ্রাহককে কোনও রকমের কোনও নোটিশই দেওয়া হয়নি।

এই ঘটনা নিয়ে এবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই নিয়ে মমতা সরকারকেও একহাত নিয়েছেন তিনি। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আশীর্বাদ রয়েছে সিইএসসি-র মাথার উপর। আর এই কারণেই তাদের এমন একচেটিয়া মনোভাব চলছে।

একটি ফেসবুক পোস্ট করে শুভেন্দু লেখেন, “কলকাতার প্রায় ৩২ লক্ষ গ্রাহককে অন্ধকারে রেখে একরকম চুপিসাড়ে বিদ্যুতের দাম বাড়িয়ে দিল CESC। মমতা ব্যানার্জির সরকারের আশীর্বাদ মাথার ওপর থাকার কারনে তাদের এমন একচেটিয়া মনোভাব। গ্রাহকদের কাছে কোনো বিকল্প নেই, তাই তাদের কোনো মূল্য নেই। তাদের কথা ভাবা তো দুর অস্ত, ন্যূনতম জানানোর সৌজন্যতাবোধটুকুও কোম্পানি দেখানোর প্রয়োজন মনে করে নি”।

তিনি এও জানান যে কলকাতায় বার্ষিক বিদ্যুতের চাহিদা রয়েছে ১০ লক্ষ ইউনিট। আর প্রতেক স্ল্যাব্রের দাম বাড়ালে এর থেকে কোম্পানি প্রায় বার্ষিক ৬০০ কোটি টাকার আয় বাড়বে। শুভেন্দুর খোঁচা, কোম্পানির আয় বাড়লে, এর সঙ্গে সুবিধা পাবে কোম্পানির সঙ্গে যুক্ত সুবিধাভোগীরাও। এমন মন্তব্য করে যে তিনি মমতা সরকারকেই পরোক্ষভাবে বিঁধেছেন, তা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর