কুণাল ঘোষের সঙ্গে বৈঠক ইতিবাচক, ধর্মতলা থেকে ধর্না তুলে নিলেন টেট চাকরিপ্রার্থীরা

ধর্মতলার আন্দোলন মঞ্চ থেকে ধর্না তুলে নিলেন দক্ষিণ ২৪ পরগণার ২০০৯-এর প্রাথমিক পরীক্ষার্থীরা। আজই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন রাজ্যের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। সেই আলোচনা ইতিবাচক হয়েছে বলে খবর। তবে আন্দোলনকারীরা এও জানিয়েছেন যে ধর্মতলা থেকে তারা ধর্না তুলে নিচ্ছেন ঠিকই, তবে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণার ডিপিএস অফিসের সামনে অবস্থান বিক্ষোভ জারি রাখবেন।

পূর্বতন বাম সরকারের আমলে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষাও হয়েছিল। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে। ২০১৪ সালে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়।

তবে প্রত্যন্ত জেলাগুলির নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগনা নিয়োগ আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি। ১৩ বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন তাঁরা। শেষে তারা আদালতের অনুমতি নিয়ে গত ৩৭ দিন ধরে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করেন।

গতকাল, সোমবার নবান্ন অভিযানের পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের। কিন্তু এর আগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। ইতিবাচকই হয়েছে সেই বৈঠক। আন্দোলনকারীরা জানান, “এতদিন আমরা অথৈ জলে পড়েছিলাম। মহামান্য হাই কোর্ট ও সরকার আমাদের কথা শুনেছে”।

আগামী বৃহস্পতিবার আন্দোলনকারীদের এই মামলার রায়দান রয়েছে আদালতে। সরকারের তরফে জানানো হয়েছে যে আদালত রায় দিলেই কাজ শুরু করে দেবে সরকার। এক বছরের কাজ এক সপ্তাহে করা হবে বলে জানানো হয়েছে।

চাকরিপ্রার্থীরা কুণাল ঘোষের সঙ্গে আলোচনায় বেশ খুশি।  তবে আন্দোলনকারীরা এও জানিয়েছেন যে ধর্মতলা থেকে ধর্না প্রত্যাহার করা হলেও তাদের আন্দোলন চলবে। যতক্ষণ না পর্যন্ত তারা নিয়োগপত্র হাতে পাচ্ছেন, ততক্ষণ তারা জেলার সংশ্লিষ্ট দফতরের সামনে আন্দোলন চালিয়ে যাবেন।

আরও অন্যান্য খবর