‘ওল্ড মঙ্ক’ পছন্দ করেন না এমন সুরাপ্রেমী বোধ হয় তেমন নেই। রামের গ্লাসে হালকা চুমুকের স্বাদ সুরাপ্রেমীদের প্রিয় বলা যেতে পারে। কিন্তু এই রঙিন পানীয়ই যদি এবার চায়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তাহলে কেমন হবে ব্যাপারটা? এমন চা চাখতে তাহলে আপনাকে যেতে হবে গোয়া। সেখানেই বিক্রি হচ্ছে ‘ওল্ড মঙ্ক চা’।
সকালে উঠে চা পানের অভ্যাস অনেকেরই রয়েছে। ব্যস্ত জীবনের ইঁদুর দৌড়ে আবার অনেকের একাধিকবার চা পানের অভ্যাস। এক চুমুকেই যেন চিন্তার ভারে ক্লান্ত মাথাটা চাঙ্গা হয়ে যায়। এমন চায়ের সঙ্গে ওল্ড মঙ্ক রাম মিশিয়ে দিব্যি কান্ডোলিম এলাকার সিঙ্কুরিম সৈকতে বিক্রি হচ্ছে। আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘ওল্ড মঙ্ক চার, এটাই পৃথিবীর শেষ প্রান্ত’, এমন ক্যাপশন লিখেই একটি ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে দোকানের কর্মী দক্ষ হাতে এই বিশেষ চা তৈরি করছেন। তন্দুরি চা যে পদ্ধতিতে বানানো হয়, সেই পদ্ধতিতেই এই চা তৈরি হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে তন্দুর থেকে পোড়া মাটির ভাঁড় বের করেন নেন ওই যুবক। তারপর তাতে এমন কিছু দেন যাতে গরম ভাঁড়ের ভিতরে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এরপরই বোতল থেকে খানিকতা ওল্ড মঙ্ক রাম ঢেলে দেন তিনি। আগুনের শিখা বেড়ে যায়।
চায়ের সঙ্গে ম’দ কেমন লাগবে, তা জানার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ জানিয়েছেন যে এই যুগলবন্দী তাদের জীবনের অন্যতম স্বপ্ন। একজন তো আবার কফির সঙ্গে রাম মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন।





