অফিস টাইমে ভিড় ঠেলে লোকাল ট্রেন ধরাটা রোজকার যুদ্ধই বটে। অনেকেই আবার রাতের দিকে বা ভোরবেলাতেই বেরিয়ে পড়েন বাড়ি ফেরার তাড়ায় বা কাজে যাওয়ার জন্য। কিন্তু এবার সেই যাত্রাপথে বড় রকমের বাধা! কারণ দমদম স্টেশন সংলগ্ন লাইনে শুরু হতে চলেছে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ। তার জেরে দু’দিনে মোট সাত ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। ফলে বাতিল হতে চলেছে একাধিক ট্রেন, আর সেইসঙ্গে নিত্যযাত্রীদের জন্য শুরু হচ্ছে নতুন দুর্ভোগের অধ্যায়।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদমের ডাউন মেন লাইনে পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে রক্ষণাবেক্ষণের কাজের জন্য। সময়টা নির্ধারিত হয়েছে আগামী শনিবার রাত ১০টা ৫০ মিনিট থেকে রবিবার সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত। অর্থাৎ একটানা সাত ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হবে ওই অঞ্চলে। শুধু দমদম নয়, এই কাজের প্রভাব পড়বে বনগাঁ শাখা, ডানকুনি শাখা, এমনকি কল্যাণী সীমান্ত রুটেও।
শনিবার রাতে বাতিল করা হয়েছে দুই জোড়া আপ ও দুই জোড়া ডাউন বনগাঁ লোকাল। ডানকুনি শাখার দুই জোড়া আপ-ডাউন লোকালও বন্ধ থাকবে। একই সঙ্গে বাতিল করা হয়েছে এক জোড়া শিয়ালদহ-বারুইপাড়া লোকাল। রবিবার সকালে ফের বন্ধ রাখা হবে দুই জোড়া বনগাঁ লোকাল, তিন জোড়া ডানকুনি লোকাল, একজোড়া শিয়ালদহ-হাসনাবাদ লোকাল, একটি আপ শিয়ালদহ-বারাসত লোকাল এবং হাবড়া, দত্তপুকুর ও কল্যাণী সীমান্ত লোকালও চলবে না।
শুধু বাতিল নয়, কিছু ট্রেন চললেও গন্তব্যে পরিবর্তন ঘটেছে। যেমন রবিবার সকালেই ৩৩৮১২ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল থেমে যাবে দমদম ক্যান্টনমেন্টে। অন্যদিকে, ৩৩৮১৫ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকেই, শিয়ালদহ থেকে নয়। এমন পরিস্থিতিতে যাত্রীদের বিভ্রান্তির সম্ভাবনাও প্রবল।
আরও পড়ুনঃ West Bengal : ‘পশ্চিমবঙ্গ দিবস’ কর্মসূচির মাঝে নতুন নাটক! ভবানীপুরে হেঁটে যেতে গিয়েই আটক সুকান্ত মজুমদার!
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়েও পরিবর্তন আনা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে পুরী থেকে ছাড়ার কথা থাকলেও তা ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। ফলে সবমিলিয়ে দু’দিন ধরে দমদম সহ আশপাশের রুটে যাতায়াতকারী নিত্যযাত্রী ও সাধারণ যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগের সম্ভাবনা। পূর্ব রেল আগাম সতর্ক করেছে—প্রত্যেক যাত্রী যেন যাত্রার আগে সময়সূচি জেনে তবে রওনা দেন।





