আর জি কর, জয়নগরের ঘটনার আবহেই ফের যৌন নির্যাতনের ঘটনা, এবার খাস কলকাতা থেকে উঠল জোড়া ধর্ষণের অভিযোগ

আর জি করের ঘটনা নিয়ে উত্তাল ছিলই রাজ্য। এরই মধ্যে গত শনিবার সামনে আসে জয়নগরের ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনা। তা নিয়ে ফের উত্তপ্ত হয় পরিস্থিতি। এবার খাস কলকাতা থেকে উঠে এল যৌন নির্যাতনের খবর। এই দুই ঘটনার জেরে ফের উঠছে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

এই দুই যৌন নির্যাতনের ঘটনার মধ্যে একটি ঘটেছে চিৎপুরে। জানা গিয়েছে, সেখানে এক নাবালিকার বাড়ি থেকে তাঁকে অপহরণ করে এক তরুণ। এরপর তাঁর উপর যৌন নির্যাতন চালায় সে। নাবালিকাকে বাড়িতে না পেয়ে নানান জায়গায় খোঁজ শুরু করে তাঁর পরিবারের লোকজন। শেষমেশ তরুণের বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। তরুণের পরিবারের যদিও দাবী, এই দু’জনের প্রেমের সম্পর্ক ছিল। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করার পর তাঁকে হোমে পাঠানো হয়েছে বলে খবর।  

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের জোকা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত নির্যাতিতার পাশের বাড়ি এক ১৭ বছরের কিশোর। জানা গিয়েছে, বাড়ি একা ছিলেন তরুণী। অভিযোগ, সেই সুযোগে বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণ করে ওই কিশোর। পরিবারকে বিষয়টি জানান তরুণী। কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় বলে খবর।

জানা গিয়েছে, তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই নাবালককে। এরপর তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে তোলা হতে পারে বলে খবর। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।  

প্রসঙ্গত, আর জি করের ঘটনা নিয়ে রাজ্য উত্তপ্ত ছিলই। আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। ন্যায় বিচারের জন্য চলছে প্রতিবাদ-আন্দোলন। এরই মধ্যে সামনে আসে জয়নগরের এক ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় বিক্ষোভ দেখাচ্ছেন সকলেই। এরই মধ্যে আবার পটাশপুরে এক গৃহবধূকে ধর্ষণ-খুনের ঘটনাতেও উত্তাল পরিস্থিতি। আর এবার খাস কলকাতাতেই ঘটল জোড়া ধর্ষণের ঘটনা।

আরও পড়ুনঃ ১৬৩ ধারা অমান্য করে ধর্মতলায় ধর্না জুনিয়র চিকিৎসকদের, কোনও কঠোর পদক্ষেপ কী নেওয়া হবে চিকিৎসকদের বিরুদ্ধে? জানালেন পুলিশ কমিশনার

শুরু হয়েছে দুর্গাপুজো। উৎসবে মেতেছেন সকলেই। কিন্তু এরই মধ্যে পরপর এমন সব ঘটনা ঘটছে, যার জেরে রাজ্যে মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এত ক্ষোভ, আন্দোলন করেও কেন এমন নির্যাতনের ঘটনা কমছে না বা দমানো যাচ্ছে না? এর জেরে পুলিশ-প্রশাসনের উপর ক্ষোভ বাড়ছে জনসাধারণের। পুজোর মধ্যেই বঙ্গের আবহাওয়া উত্তপ্ত!

RELATED Articles