ইউনেস্কোর স্বীকৃতি বেচে প্রিভিউ শো? দুর্গাপুজোর নামে ‘অবৈধ বাণিজ্যচক্র’ ঘিরে বিতর্কে, প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ শুভ ওরফে ‘মাস আর্ট’ ও টালা প্রত্যয়ের কর্তা ধ্রুবজ্যোতি বসু!

কলকাতার দুর্গাপুজোর বিশ্বমঞ্চে পাওয়া সম্মানকে ঘিরেই এবার উঠল বড় প্রশ্ন! ইউনেস্কোর নাম ব্যবহার করে ‘প্রিভিউ শো’ আয়োজনের অভিযোগে সরগরম শহর! কলকাতার জনপ্রিয় পুজোগুলিকে নিয়ে আয়োজিত তথাকথিত ‘প্রিভিউ শো’ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক পর্যটন সংস্থার কর্ণধার এবং দুর্গাপুজো গবেষক জয়দীপ মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, ২০২২ সাল থেকে ইউনেস্কোর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছে! তাঁর অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘মাস আর্ট’-এর কর্ণধার ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। দাবি করা হয়েছে, কলকাতার বড় ২৪টি দুর্গাপুজোকে বেছে নিয়ে বিশেষ স্বীকৃতির নামে অনুষ্ঠান করা হত।

এই প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ। বিষয়টি সামনে আসতেই শহরের পুজোমহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, ‘মাস আর্ট’ জানাত যে ইউনেস্কোর সহযোগিতায় নির্বাচিত ২৪টি পুজোমণ্ডপকে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘প্রিভিলেজড প্রি পুজো এন্ট্রি টিকিট’ নামেও টিকিট বিক্রি করা হত বলে দাবি করা হয়েছে! অভিযোগকারীর বক্তব্য, এইভাবে এমন ছবি তুলে ধরা হয়েছিল যেন ইউনেস্কো সরাসরি এই বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। কিন্তু বাস্তবে এমন কোনও বাণিজ্যিক চুক্তি ছিল না বলেই দাবি। জয়দীপ মুখোপাধ্যায়ের মতে, দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি “অবৈধ বাণিজ্যচক্র” তৈরি হয়েছে এবং তার সঙ্গে ‘মাস আর্ট’-এর সরাসরি যোগ রয়েছে।

এই অভিযোগ প্রকাশ্যে আসার পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্গাপুজোর মতো সাংস্কৃতিক উৎসবকে ব্যবহার করে ব্যবসার অভিযোগ নিয়েও আলোচনা শুরু হয়েছে। এদিকে ২০২১ সালের ডিসেম্বর মাসে কলকাতার দুর্গাপুজোকে আবহমান ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো। অভিযোগ, সেই আন্তর্জাতিক স্বীকৃতিকেই হাতিয়ার করে পরে এই প্রচার চালানো হয়েছে! জয়দীপ জানান, ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর দিল্লিতে ইউনেস্কোর প্রতিনিধি মালেকার রিউবেনের সঙ্গে তিনি ফোনে কথা বলেন। পরে লিখিতভাবেও ইউনেস্কোর তরফে জানানো হয় যে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ‘মাস আর্ট’-এর সঙ্গে তাদের কোনও বাণিজ্যিক সম্পর্ক ছিল না!

আরও বলা হয়, ইউনেস্কো শুধু ২০২৫ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোয় সাধারণ মানুষের প্রবেশ আরও সহজ করার বিষয়ে একটি সীমিত চুক্তি করেছিল। অর্থাৎ পুজো কমিটিগুলিকে সহজ প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়েছিল। এর বাইরে অন্য কোনও বাণিজ্যিক যোগ ছিল না বলেই জানানো হয়। লিখিত জবাবে আরও স্পষ্ট করে বলা হয়, ইউনেস্কো কোনওভাবেই প্যান্ডেল নির্বাচন, টিকিট বিক্রি বা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত নয়! এই প্রসঙ্গে জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “দুর্গাপুজোর ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকে ভেঙে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হয়েছে।

এই কর্মকাণ্ডের ফলে ইউনেস্কোর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “প্রিভিউ শো-এর মাধ্যমে ইউনেস্কোর নাম ব্যবহার করে সাংস্কৃতিক প্রতারণা করা হয়েছে।” ঘটনাচক্রে, এই বছরও দুর্গাপুজোর আগে ‘মাস আর্ট’-এর প্রিভিউ শোয়ের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে! আগামী ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা জানানো হয়েছে। ফলে বিতর্ক আরও জোরাল হয়েছে। এবার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে ‘মাস আর্ট’-এর অন্যতম উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বসু বলেন, “কনসার্নড অথরিটি যদি আমার কাছে এ বিষয়ে বৈধ কাগজপত্র দেখতে চান, তাহলে আমি তা অবশ্যই দেখাব। কিন্তু এই ধরনের অভিযোগের আমি কোনও জবাব দেব না।”

আরও পড়ুনঃ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যুর দেড় মাস পর প্রথমবার প্রকাশ্যে এল সহজ! বাবার স্মৃতি বুকে নিয়েই, বিশেষ উদযাপনে মেতে উঠল ছেলে! এমন দৃশ্য ভাইরাল হতেই, নেটপাড়ায় চোখ ভিজল সবার!

উল্লেখযোগ্যভাবে, ধ্রুবজ্যোতি শুধু ‘মাস আর্ট’-এর সঙ্গেই যুক্ত নন, তিনি কলকাতার অন্যতম বড় পুজো টালা প্রত্যয়েরও গুরুত্বপূর্ণ কর্তা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। টালা প্রত্যয়ের থিমের নামকরণ থেকে উদ্বোধন পর্যন্ত বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। পাশাপাশি হুগলি থেকে নির্বাচিত এক প্রাক্তন মন্ত্রীর সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে রাজনৈতিক মহলে পরিচিত। এমন পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে।

Tithi Chakraborty

আরও পড়ুন

আরও অন্যান্য খবর