করোনার মধ্যেও নেওয়া হবে পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় সম্মতি জানাল কেন্দ্র। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সর্বশেষ সেমিস্টারের পরীক্ষা নেওয়ার সম্মতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক। ইউজিসির নিয়ম মেনে পরীক্ষার অনুমতি দেওয়া হল। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের।
চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফাইনাল ইয়ার বা শেষ সেমেস্টারের জন্য ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বসতেই হবে। বাকি সব ক্ষেত্রে পরীক্ষা বাতিল হলেও শেষ সেমিস্টারের ক্ষেত্রে বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া যাবে না। ইউজিসি নির্দেশিকায় আগেও বলা হয়েছিল যে, ফাইনাল ইয়ারের পড়ুয়াদের পরীক্ষা নিতেই হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। পরীক্ষা না নিয়ে পাশ করানো চলবে না।
যদিও পড়ুয়ারা অনেকদিন ধরেই পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে আসছিল। সারা দেশজুড়ে হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমনের সংখ্যা। এর মধ্যে সুরক্ষাবিধি মেনে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব, তা নিয়ে চিন্তাপ্রকাশ করছিলেন সকলেই। সিবিএসই, জেইই ও এনআইআইটি-র মতো বড় পরীক্ষা বাতিল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তার অন্যথা হবে না বলে ধরে নিয়েছিল পড়ুয়ারা। তবে সোমবারের নির্দেশিকায় সমস্ত দাবি বাতিল করে পরীক্ষা নেওয়ার আয়োজন করতে বলা হয়েছে।





