ভারতে করোনা সংক্রামিতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এবার করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২০,০০০ এর গন্ডি। একইসঙ্গে সুস্থতার হার দাঁড়াল ৬১ শতাংশে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮ টা অবধি দেশে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়ায় ৭১৯,৬৬৫। গত ১ দিনে নতুন করে ২২,২৫২ জন আক্রান্তের হদিশ মিলেছে। অর্থাৎ টানা পাঁচ দিন ধরে আক্রান্তের সংখ্যা ২০,০০০ অতিক্রম করেছে। ওই পাঁচ দিনে দেশে মোট ৯৪,১২১ জন আক্রান্তের হদিশ মিলেছে। তবে গত দু’দিনের তুলনায় নতুন করে সংক্রমিতের সংখ্যা কিছুটা হলেও কমেছে।
দৈনিক আক্রান্তের সংখ্যায় সামান্য লাগাম পড়ানো গেলেও মঙ্গলবার সকালে মোট মৃতের সংখ্যা ২০,০০০ পার করেছে। আপাতত ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,১৬০ জন। গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জন মারা গিয়েছেন। সোমবারের তুলনায় দৈনিক মৃতের সংখ্যা বেড়েছে। কিন্তু মৃত্যুর হার কমেছে। সপ্তাহখানেক আগে মৃত্যুর হার ৩% ছিল। মঙ্গলবার তা কমে ২.৮ % এ ঠেকেছে।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১৫,৫১৫ জন করোনা মুক্ত হয়েছেন। তার জেরে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯,৯৪৭ এবং সুস্থতার হারও বেড়ে দাঁড়িয়েছে ৬১.১৩ শতাংশ।
এদিকে, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ পার করেছে । মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীতে আক্রান্ত হয়েছেন মোট ১০০,৮২৩ জন। অন্যদিকে বাকি দুই রাজ্য মহারাষ্ট্র এবং তামিলনাড়ু সেই উদ্বেগজনক মাইলস্টোন পার করেছে।





