যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যার ইতিহাস ক্লাস নিয়ে অনেকদিন ধরেই নানান কথা উঠে আসছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রায় এক বছর ধরেই সন্ধ্যার এই ইতিহাস ক্লাস নিয়ে নানান সমস্যা তৈরি হচ্ছে।
ইতিহাসের বোর্ড অফ স্টাডিজের শিক্ষকদের সিংহভাগ জানিয়ে দিয়েছেন যে তারা সন্ধ্যার এই ক্লাসটি নিতে পারবেন না। কিন্তু এদিকে আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনওভাবেই এই কোর্স বন্ধ করতে রাজী নয়। কিন্তু কেন সান্ধ্য বিভাগের এই কোর্স নিয়ে এত সমস্যা?
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ইতিহাসের একাধিক শিক্ষক জানাচ্ছেন যে তাদের অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। সকালের দিকে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের ক্লাস নিচ্ছেন না। এরপর গবেষণায় সাহায্য করতে হচ্ছে। এরপর সন্ধ্যার এই ক্লাসটি নেওয়ার মতো সময় বের করে উঠতে পারছেন না তারা।
আর এই কোর্সের পড়ুয়াদের মান নিয়েও উঠেছে প্রশ্ন। তবে প্রশ্ন হল, বিশ্ববিদ্যালয়ে নানান বিভাগেই সান্ধ্যকালীন ক্লাস চলে। তাহলে এই ইতিহাস ক্লাস নিতেই আপত্তি কেন শিক্ষকদের? উপাচার্যের দাবী, অতীতে বিভাগের প্রবাদপ্রতিম শিক্ষকরা এই ক্লাস নিয়েছেন। তাহলে বর্তমান শিক্ষকদের সমস্যা কোথায়?
তবে এই সান্ধ্যকালীন ইতিহাস ক্লাস চালিয়ে যেতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনে উপাচার্য নিজে ক্লাস নেবেন বলেও জানান তিনি কারণ তিনি নিজেও একজন ইতিহাসবিদ। আবার অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়েও ক্লাস চালানো হতে পারে বলে জানা গিয়েছে। এই বিষয়ে উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “আমরা কোনওভাবেই চাই না এই কোর্স বন্ধ হোক। বহু বছর ধরে প্রান্তিক, দরিদ্র ও দূরবর্তী জেলা থেকে পড়ুয়ারা এই সান্ধ্য বিভাগে পড়তে আসেন”।






