ফের বিতর্কে নাম জড়ালেন জনপ্রিয় গায়ক হানি সিংহ। এবার সরাসরি অভিযোগ করলেন তার স্ত্রী শালিনী তলোয়ার। স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন তিনি। পাশাপাশি যৌন হেনস্থা এবং বিষয় সম্পত্তি অধিকার বিষয়ক মামলা করেছেন।
দিল্লির তিস হাজারি কোর্টে গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষার আইনের অধীনে একটি আবেদন জমা দিয়েছেন শালিনী। মঙ্গলবার আদালতে চিফ ম্যাজিস্ট্রেট তানিয়া সিংহের এজলাসে মামলা করেন শালিনী।
সংবাদমাধ্যমের কাছে শালিনী তার স্বামী হানি সিংহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তার অভিযোগ হানি সিংহ তার মা-বাবা এবং বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। এমনকি আরো বিস্ফোরক ভাবে তিনি জানান হানি সিংহ একাধিক নারীর সাথে সঙ্গম করেছেন।
তিন আইনজীবী সন্দীপ কাপুর, অপূর্ব কাশ্যপ এবং জিজি কাশ্যপ শালিনীর হয়ে মামলা করেছেন।আগামী ২৮ আগস্টের মধ্যেই গায়ক কে আদালতে জবাবদিহি করার নির্দেশ দিয়েছে। আদালত ইতিমধ্যেই শালিনীর পক্ষে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছে। যার মাধ্যমে, আপাতত হানি সিংহ তাঁদের যৌথ মালিকানাধীন সম্পত্তি বিক্রি করতে পারবেন না।
বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না গায়ক হানি সিংহর। ২০১৪ সালে একটি রিয়েলিটি শো এর মঞ্চে শালিনীকে প্রকাশ্যে আনেন এই জনপ্রিয় গায়ক।
বেশ কয়েক বছর তিনি মিউজিক জগৎ থেকে দূরে ছিলেন, ফের আরও একবার কাজ শুরু করার পরেই বিতর্কে জড়ালেন তিনি। এখন দেখার আদালতের এ বিষয় নিয়ে কি মন্তব্য করেন জনপ্রিয় এই গায়ক।





