তুমুল বৃষ্টির মধ্যে বৃদ্ধা মা-কে প্লাস্টিক মুড়ে রাস্তায় ফেলে গেল মেয়ে, মৃত্যু বরানগরের সিঁথির বৃদ্ধার

সত্যিই এমনও সম্ভব! তুমুল বৃষ্টির জেরে যখন চারিদিক জলমগ্ন, সেই সময় বৃদ্ধা মা-কে প্লাস্টিকে মুড়ে গেল মেয়ে। এর জেরে মৃত্যু হয় ওই বৃদ্ধার। এমন এক ঘটনায় বরানগরের সিঁথি থানা এলাকায় হইচই পড়ে গিয়েছে। মেয়ের এমন অমানবিক আচরণে তাঁর উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রতিবেশিরা। দাবী উঠেছে গ্রেফতারের। এই ঘটনার সঙ্গে বৃদ্ধার ছেলেরাও যুক্ত বলে খবর।

গতকাল, বুধবার সকাল থেকে আকাশ ভালো থাকলেও, বেলা বাড়তেই শুরু হয় তুমুল বৃষ্টি। বেশ কয়েকঘণ্টা টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে বি টি রোডের বিস্তীর্ণ এলাকা। আর এরকম পরিস্থিতিতেই মায়ের সঙ্গে এমন অমানবিক আচরণ করতে দেখা যায় মেয়েকে।

জানা গিয়েছে, বছর আশির ওই বৃদ্ধার নাম ঠাকুরদাসী সাহা। সিঁথির পেয়ারাবাগানের বাসিন্দা তিনি। গতকাল তাঁকেই প্লাস্টিকে মুড়ে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- ‘আমি প্রযোজক হলে ত্বরিতাকে প্রধান চরিত্রে নেব’, জন্মদিনে ত্বরিতার প্রশংসায় পঞ্চমুখ মদন মিত্র

বৃষ্টির জেরে তখন গোটা রাস্তা প্রায় জনশূন্য। তবে রাতের দিকে ধীরে ধীরে বৃষ্টি কমলে প্লাস্টিক মোড়া ওই বৃদ্ধাকে চোখে পড়ে অনেকের। তবে অনেকেই তাঁকে মৃত ভেবে পাশ কাটিয়ে চলে যান। কিন্তু তখনও বেঁচে ছিলেন ওই বৃদ্ধা।

এরপরই খবর যায় সিঁথি থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাঁর কাছ থেকেই পুলিশ জানতে পারে যে বৃদ্ধার বাড়ি পেয়ারাবাগানে ও তাঁর মেয়ের নির্দেশেই তাঁর ছেলেরা তাঁকে বৃষ্টির মধ্যে ফেলে দিয়ে যায়। কিন্তু কেন তারা এমন করেছেন, তা তিনি জানেন না।

এরপর আজ, বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে সুস্থ হয়েই বাড়ি ফেরেন ওই বৃদ্ধা। কিন্তু বাড়ি ফেরার পরপরই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশিরা সকলেই মৃত বৃদ্ধার মেয়েকে দোষারোপ করছেন। এমন দুর্যোগের সময় কেনই বা মেয়ে তাঁর বৃদ্ধা মা-কে এভাবে বের করে দিল, এ নিয়ে উঠছে প্রশ্ন। যদিও মৃত বৃদ্ধার মেয়ে বা ছেলেদের কাছ থেকে এখনও পর্যন্ত কোনওরকমের উত্তর মেলেনি।

RELATED Articles