ঘূর্ণিঝড় ‘অশনি’ আছড়ে পড়ার আগে কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। সপ্তাহের শুরুর দিনেই টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল সায়েন্স সিটি থেকে শুরু করে পর্ণশ্রী, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, সেক্টর ফাইভ নানান এলাকা। পুরসভা সূত্রে খবর, প্লাস্টিকের কারণেই এভাবে জল জমেছে রাস্তাঘাটে।
অনেকেই নানান খাবার খেয়ে প্লাস্টিক রাস্তায় ফেলে দেন, কেউ কেউ নর্দমায় প্লাস্টিক ফেলেন। এর জেরে নিকাশি নালা থেকে শুরু করে নর্দমায় আটকে যাচ্ছে প্লাস্টিক। ফলে জল বের করতে সমস্যা হচ্ছে। আর জেরে দুর্ভোগ পোহাচ্ছে কলকাতাবাসী।
শুধু নর্দমা বা নালাই নয়, প্লাস্টিক আটকে যাচ্ছে পাম্পেও। এর জেরে খারাপ হচ্ছে পাম্প। ফলে পুরকর্মীদের জল বের করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। পুরসভা সূত্রে খবর, জল বের করার জন্য বালিগঞ্জ ড্রেনেজ পাম্পিং স্টেশনের পাম্পে প্লাস্টিক জড়িয়ে যাচ্ছে। বিশেষ যন্ত্রের সাহায্যে সেই প্লাস্টিক বের করে ফের জল বের করার কাজ চলছে। ‘অশনি’র জেরে আগামী তিনদিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই কারণে শহরের নানান পাম্পিং স্টেশন ইতিমধ্যেই অ্যালার্ট রেখেছে পুরসভা।
পাম্পিং স্টেশনগুলির পাশাপাশি সেচ দফতরের তরফে খালও পরিষ্কার করা হয়েছে। বালিগঞ্জ পাম্পিং স্টেশন থেকে জল এসে পড়ে তিলজলা খালে। এই কারণে সেচ দফতর তৎপরতার সঙ্গে সেই খাল পরিষ্কার করেছে। তবে প্লাস্টিক জমে থাকায় সমস্যা দেখা দিয়েছে।
উল্লেখ্য, জল জমা রুখতে কলকাতা হাওড়া পুরসভা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করছে। বিগত বছরগুলি থেকে শিক্ষা নিয়ে এবার হাওড়া পুরসভায় সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিক ব্যবহারের জন্য ৫০ থেকে ৫০০ টাকা জরিমানা ঠিক করা হয়েছে। এর ফলে সম্প্রতি হাওড়া পুরসভায় প্লাস্টিকের ব্যবহার কমেছে। কলকাতা পুরসভার তরফেও এমন উদ্যোগ নেওয়া উচিত বলেই মনে করছেন অনেকে।





