বছরের শুরু থেকে অনেক বিপদের সম্মুখীন হচ্ছে পশ্চিমবঙ্গবাসী। কখনো করোনার কুপ্রভাব আবার কখনো আমফানের দাপট মানুষের জীবনকে অশান্ত করে তুলেছে। তাই রাজ্যপাল জগদীপ ধনখড় দক্ষিণেশ্বর মন্দিরে রাজ্যবাসীর মঙ্গলকামনায় পুজো দিলেন। বুধবার সন্ধ্যায় ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দেন রাজ্যপাল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। এর পর তিনি বেলুড় মঠেও যান। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এই সংকটের দিনে রাজ্য সরকারের পাশে থাকার কথা জানান।
এদিন রাজ্যপাল জানান, ‘দুঃসময়ের মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে। করোনা ও আমফানের মধ্যে ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে ফিরছেন। তাঁদের জন্যও রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।’
এছাড়া তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, ‘সংকটের সময় রাজ্যবাসীকে সরকারের পাশে দাঁড়াতে হবে। বিপদ থেকে পরিত্রাণ পেতে সবাইকে একসাথে লড়তে হবে।’
বুধবার সন্ধ্যায় রাজ্যপাল দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের দর্শনে যান। প্রবেশ পথে তাঁকে মন্দিরের সুরক্ষাবিধি বুঝিয়ে বলেন মন্দির পরিষদের সদস্যরা। এর পর মন্দির কমিটিকে তিনি ১ লক্ষ টাকা আর্থিক অনুদান ও সাথে ২৫০ মাস্কটি তুলে দেন। মিনিট ২০ সেখানে থেকে পুজো দিয়ে তিনি বেলুড় মঠের দিকে যাত্রা করেন।





