আজ তাঁরা রাজনীতি, কূটনীতির থেকে অনেক দূরে! দেশের সেবা করতে গিয়ে গালওয়ানে শহিদ জওয়ানদের প্রতি নিজেদের শ্রদ্ধা জানাতে আপাতত দুই দিন রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখছে বিজেপি। বিজেপির জাতীয় দলের সভাপতি জেপি নাড্ডা আজ এই কথা ঘোষণা করেছেন। মোদী সরকারের দ্বিতীয় বছরের জন্য যে ভার্চুয়াল সভাগুলি হচ্ছে আপাতত তা দু’দিন স্থগিত থাকবে।
সোমবার ভোররাতে হওয়া সীমান্ত সংঘর্ষের পরেও, কেনও কেন্দ্রীয় শাসক দল নিজেদের রাজনৈতিক কার্যকলাপ বন্ধ রাখেনি বুধবার এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। তারপরেই তড়িঘড়ি বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বিজেপি। সভাপতি নাড্ডা বলেন গালওয়ান উপত্যকায় জওয়ানরা যে চরম আত্মত্যাগ করেছেন, তা সবার মনে থাকবে। দেশ তাঁদের কাছে ঋণী। তাঁদের আত্মার শান্তি কামনা করে তিনি জানান যে আপাতত দুই দিনের জন্য বিজেপির সমস্ত রাজনৈতিক কার্যকলাপ স্থগিত রাখা হচ্ছে।
ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কাল বিকেল পাঁচটায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন মোদী। প্রধানমন্ত্রী গতকাল বলেন যে শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে ভারত যে বদ্ধপরিকর, সেটাও সাফ করে দেন তিনি। সেইসঙ্গে মোদী চীনকে উহ্য করে স্পষ্ট জানান প্রতিঘাত করবেন না ভারতও কিন্তু জবাব দিতে জানে।





