Republic Day Tableau 2026: স্বাধীনতার গান থেকে আধুনিক যুদ্ধের ছবি— প্রজাতন্ত্র দিবসে বাংলার ‘বন্দে মাতরম’ ট্যাবলো অন্যদিকে ট্রাইসার্ভিসের অপারেশন সিঁদুরে নজরকাড়া প্রদর্শনী!

নয়াদিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড মানেই শুধু সামরিক কুচকাওয়াজ নয়, সেই সঙ্গে দেশের অর্থাৎ ভারতের ইতিহাস, ভাবনা ও শক্তির এক জীবন্ত প্রদর্শনী। এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। একদিকে যেখানে স্বাধীনতা সংগ্রামের স্মৃতি ও আবেগকে তুলে ধরেছে পশ্চিমবঙ্গের ট্যাবলো, অন্যদিকে ঠিক তেমনই সমসাময়িক জাতীয় নিরাপত্তার বার্তা বহন করেছে ট্রাইসার্ভিসের ‘অপারেশন সিঁদুর’ ট্যাবলো। অতীত এবং বর্তমান—দুয়ের মেলবন্ধনেই এবারের কর্তব্যপথের দৃশ্য হয়ে উঠেছিল আলাদা তাৎপর্যপূর্ণ।

রাজ্যের ট্যাবলোর মূল থিম ছিল ‘বন্দে মাতরম’। পরাধীন ভারতের সময় এই মন্ত্র কীভাবে বিপ্লবীদের হৃদয়ে আগুন জ্বালিয়েছিল, সেই ইতিহাসকে শিল্পীসত্তা দিয়ে ফুটিয়ে তোলা হয়। ট্যাবলোর সামনে ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি ছবি —যাঁর কলম থেকেই জন্ম নিয়েছিল ‘বন্দে মাতরম’। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বাংলার বৌদ্ধিক ও রাজনৈতিক নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে। লালপাড় সাদা শাড়ি ও ধুতি-পাঞ্জাবিতে সজ্জিত শিল্পীরা যেন সেই সময়ের সমাজজীবনকে চোখের সামনে এনে দাঁড় করান।

এই ট্যাবলোর অন্যতম শক্তিশালী অংশ ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুকে কেন্দ্র করে নির্মিত দৃশ্য। ফাঁসিকাঠের সামনে দাঁড়িয়ে শহিদ ক্ষুদিরামের মূর্তি, তার ওপরে ব্রিটিশ শাসনের অত্যাচারের প্রতীকী উপস্থাপনা—সব মিলিয়ে বাংলার বিপ্লবী ইতিহাসের কঠিন বাস্তবতা তুলে ধরা হয়। বার্তা ছিল স্পষ্ট—স্বাধীনতা শুধু রাজনীতির ফসল নয়, তা এসেছে আত্মত্যাগ, রক্ত ও অদম্য সাহসের হাত ধরে। সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীরা কীভাবে লেখনী ও জীবন দিয়ে স্বাধীনতার আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই সম্মিলিত অবদানই এই ট্যাবলোর মূল সুর।

তবে এই ট্যাবলো আসা পর্যন্ত পথ যে মসৃণ ছিল না, সেটাও অজানা নয়। কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি ও রাজ্য সরকারের মধ্যে একাধিক বৈঠক ও মতানৈক্যের পরেই চূড়ান্ত হয় থিম। রাজ্যের যুক্তি ছিল—‘বন্দে মাতরম’ এবং স্বাধীনতা সংগ্রাম একে অপরের পরিপূরক। শেষ পর্যন্ত সেই ভাবনাতেই তৈরি হয় ট্যাবলো, যা কর্তব্যপথে পৌঁছে বাংলার ইতিহাসকে জাতীয় মঞ্চে তুলে ধরতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ Fire Bur*st: তালাবদ্ধ গেটেই কি আটকে পড়েছিলেন শ্রমিকরা? গভীর রাতে ভয়াবহ অগ্নি*কাণ্ড মোমো কারখানায়, নিখোঁজ কর্মীরা!

অন্যদিকে, সমসাময়িক ভারতের শক্তি ও সামরিক সক্ষমতার ছবি তুলে ধরে ট্রাইসার্ভিসের ‘অপারেশন সিঁদুর’ ট্যাবলো। সুখোই যুদ্ধবিমান, এস-৪০০ মিসাইল সিস্টেম, ধ্বংস হওয়া জঙ্গিঘাঁটির মডেল—সব মিলিয়ে এই ট্যাবলো ছিল সাম্প্রতিক অভিযানের প্রতিচ্ছবি। সামনে লেখা ‘Victory Through Jointness’ স্পষ্ট করে দেয়, সেনা, নৌ ও বায়ুসেনার সম্মিলিত শক্তিই এই সাফল্যের মূল চাবিকাঠি। ইতিহাসের গৌরব আর বর্তমানের দৃঢ়তা—দুইয়ের যুগলবন্দিতেই এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেড হয়ে উঠল বিশেষ স্মরণীয়।

আরও অন্যান্য খবর