Weather; মৌসুমী অক্ষরেখার সক্রিয়তায় আচমকা বেড়েছে বৃষ্টি, শুক্রবার থেকে আবহাওয়ার আরও অবনতি, সতর্কতা জারি রাজ্যের নানা জেলায়

আগামী কয়েকদিন গোটা রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলতে পারে ২২ অগাস্ট পর্যন্ত। বজ্রপাতেরও আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গ, দুই জায়গাতেই সপ্তাহজুড়ে বৃষ্টি হবে বলে খবর দিয়েছে মৌসম ভবন।

দক্ষিণবঙ্গে বৃষ্টির চিত্র বিক্ষিপ্ত হলেও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ—সব জায়গাতেই আগামী ক’দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, আবার শনিবার হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও ভিন্ন। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বুধবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে। ঝড়-বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে, তাই পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকাগুলিতেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মৌসুমী অক্ষরেখার সক্রিয়তা এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে বৃষ্টি বেড়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। যদিও দক্ষিণ ওড়িশার উপকূলের কাছে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না। তবে নিম্নচাপের কারণে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, আর সেটাই রাজ্যের আবহাওয়ায় বড় প্রভাব ফেলছে। ফলে প্রতিদিনই কখনও রোদ, কখনও মেঘ, আবার দফায় দফায় বৃষ্টি চলছে।

আরও পড়ুনঃ ২১ অগাস্টে মহাদেব ও বিষ্ণুর যুগল কৃপা, তিন রাশির জীবনে খুলে যাবে সৌভাগ্যের দরজা

ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা কমেছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় দেড় ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২০.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর্দ্রতার মাত্রাও অনেকটা বেশি, যা গুমোট ভাব বাড়িয়েছে। তবে দফায় দফায় বৃষ্টির কারণে ভাদ্র মাসের চেনা গরম এখনও তেমনভাবে টের পাওয়া যায়নি। ফলে রাজ্যবাসীকে অন্তত এই সপ্তাহজুড়ে ছাতা সঙ্গে নিয়েই বেরোতে হবে।

RELATED Articles