শুক্রবার সন্ধ্যা থেকে ফের উত্তপ্ত হলো কলকাতার রাজপথ। নিয়োগ সংক্রান্ত মামলায় নিজেদের দাবি আদায়ে পথে নেমেছেন একদল শিক্ষক-শিক্ষিকা। শুক্রবার দুপুরে শুরু হওয়া তাঁদের মিছিল রানি রাসমণি রোডে গিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে পুলিশের নির্দেশে ওয়াই চ্যানেলে অবস্থান করেন আন্দোলনকারীরা। সারা রাত সেখানেই কাটান তাঁরা।
আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের সঙ্গে অযোগ্যদের মতো আচরণ করা হচ্ছে। মূলত নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের এসএলএসটি নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তাঁদের দাবি, যাঁরা নির্দোষ, তাঁদের জন্য কেন একসঙ্গে প্যানেল বাতিল করা হবে। এই প্রশ্নেই তাঁরা উত্তাল হয়েছেন।
আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। তার আগে পর্যন্ত রাস্তায় অবস্থান চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। শনিবার তাঁদের একটি প্রতিনিধি দল লালবাজারে গিয়ে প্রশাসনের কাছে অবস্থানের অনুমতি চাইবে। তাঁদের বক্তব্য, নিজের অধিকার রক্ষার জন্যই তাঁরা এই পথে নেমেছেন।
২০১৬ সালের এসএলএসটি পরীক্ষায় নিযুক্ত এই শিক্ষক-শিক্ষিকাদের দাবি, তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তা সত্ত্বেও তাঁদের প্যানেল বাতিল করার সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, সেটি একেবারেই অন্যায়। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হওয়া সত্ত্বেও একই শাস্তি দেওয়া হলে তা তাঁদের পেশাগত জীবনের ওপর বড় আঘাত হবে বলে তাঁরা মনে করেন।
আরও পড়ুনঃ হটস্পটে পাড়ি মুখ্যমন্ত্রীর! কবে যাচ্ছেন সন্দেশখালি? প্রকাশ্যে দিনক্ষণ
শিক্ষকদের এই দীর্ঘ আন্দোলন আবারও নিয়োগ ইস্যুকে রাজ্যের রাজনৈতিক পরিবেশে প্রাসঙ্গিক করে তুলেছে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘাতের পরবর্তী পরিস্থিতি কী হয়, তা এখন সময়ই বলবে। তবে ৭ জানুয়ারির শুনানির আগে এই প্রতিবাদ যে থামার কোনও লক্ষণ নেই, তা স্পষ্ট।





