এক মহিলা গিয়েছিলেন ‘ওয়াও মোমো’ থেকে মোমো কিনতে। কিন্তু সেখানে গিয়ে চূড়ান্ত হেনস্থা হতে হল তাঁকে। অপরাধ? তিনি দোকানের বিক্রেতাকে বলেছিলেন যে তিনি যেন তাঁর সঙ্গে বাংলায় কথা বলেন। আর সেখানেই বিপত্তি। দোকানের লোকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ওই মহিলা।
ঘটনাটি ঘটেছে বরানগরের ডানলপ সুপার মার্কেটের ‘ওয়াও মোমো’র একটি আউটলেটে। সেখানে গত বৃহস্পতিবার মোমো কিনতে যান এক মহিলা। সেখানে তাঁকে দোকানের কর্মচারী জিজ্ঞেস করেন তিনি কী নেবেন! তবে এই সবই ওই কর্মচারী বলেন হিন্দিতে।
ওই মহিলা ওই কর্মচারীকে বলেন তিনি যেন তাঁর সঙ্গে বাংলায় কথা বলেন। কিন্তু দোকানের মালিক তখন বলেন যে সে বাংলা জানেন না। এরপর ওই মহিলা প্রশ্ন রাখেন, বাংলায় থেকে কাজ করছেন, বাঙালি গ্রাহকদের পরিষেবা দিচ্ছেন, অথচ বাংলা কেন জানেন না তিনি? আর ওই কর্মচারী যদি বাংলা নাই জানবেন, তাহলে তাঁকে দিয়ে জিজ্ঞাসা করানো হয়েছে কেন?
এতেই বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন দোকানের মালিক ও মহিলাকে বলেন যে ওই কর্মচারী বাংলায় কথা বলবেন না এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহারও করেন। এই গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ওই মহিলা। এই ঘটনায় তাঁকে যেমন অনেকে সমর্থন করেছেন, তেমনই অনেকেই আবার এই ঘটনায় ওই মহিলাকেই খারাপ মন্তব্য করেছেন।
নানান অবাঙালিরা বিশেষ করে ওই মহিলার কমেন্ট বক্সে এসে তাঁকে নানান খারাও ভাষায় মন্তব্য করেছেন। এরপর ওই মহিলা এই ঘটনাটি বাংলা পক্ষকে জানান। বাংলা পক্ষের তরফে এই ঘটনাটি নিয়ে সরব হয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিও-ও শেয়ার করে তারা। বাংলায় থেকে ব্যবসা করে বাঙালিদের সঙ্গেই এমন কেন দুর্ব্যবহার, তা নিয়ে প্রশ্ন তোলে বাংলা পক্ষ। এমনকি, ‘ওয়াও মোমো’কে বয়কট করার ডাকও তোলা হয়েছে বাংলা পক্ষের তরফে।





