প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খু’ন করার অভিযোগ এক যুবককে। তাও আবার খাস কলকাতায়। এমন ঘটনায় প্রবল উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা ঘটায়, শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে আজ, শুক্রবার চিতপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ দুই যুবকের মধ্যে বাঁধে বচসা। এরপরই এক যুবক অন্য যুবককে কোপাতে শুরু করে বলে অভিযোগ। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতেও সেই রক্ত এসে লাগে। এলাকার লোকজন দেখতে পেয়ে ছুটে এলে অভিযুক্ত যুবক চম্পট দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
কেএল দাস রোডে যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই যুবককে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা ওই যুবককে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শেখ দুলারা। কাশীপুর রোড এলাকার বাসিন্দা তিনি। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত একজনকে আটক করেছে।
যে স্থানে এই ঘটনা ঘটেছে, সেখানকার এক দোকানদার এই ঘটনা প্রসঙ্গে বলেন, “অন্য এক জায়গায় ঝামেলা হয়েছে বলেই মনে হল। তারপরই এখানে হইহই। তারপরই উঁকি মেরে দেখি রক্ত পড়ে রয়েছে রাস্তায়। যে মারা গিয়েছেন, এখানকার ছেলে বলে তো মনে হল না”।
কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে চিতপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখা। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। অভিযোগ, ওই যুবককে নৃশংসভাবে কুপিয়ে খু’ন করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ শিবু নামে এক ব্যক্তিকে আটক করেছে। যদিও পুলিশি জেরায় সেই ব্যক্তি জানিয়েছে যে সে এই ঘটনার সঙ্গে জড়িত নয়। কোনও শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে এই ঘটনার নেপথ্যে, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে প্রকাশ্য রাস্তায় দিনের বেলে এমন ঘটনা ঘটায় বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।





