আর জি কর কাণ্ডের প্রতিবাদ পর্বের প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে এসেছেন তিনি। নানান ভাবে আক্রমণ করেছেন তিনি জুনিয়র চিকিৎসকদের। তবে এবার তাদের নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর জি কর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন তিনি।
কুণাল ঘোষের অভিযোগ, গত মঙ্গলবার রাতে উত্তরবঙ্গের এক হোটেল থেকে পুলিশ কয়েকজন জুনিয়র চিকিৎসকদের মহিলা-সহ আটক করেছে। সেই বিষয়েই তীব্র কটাক্ষ শানিয়ে কুণাল বলেন, “আরে কাল রাতে হোটেলে কাদের নিয়ে শুয়েছিল! জুনিয়র ডাক্তারদের কয়েকজনের দ্রোহের রাত্রিবাস দেখান। কাদের সঙ্গে ছিল। থানায় গিয়ে কেন পুলিশের হাতে পায়ে ধরছিল? অনেক তো লাইভ স্ট্রিমিংয়ের দাবী করেছে। এই সিসিটিভিটা দেখান, ওটা তো অ্যাভেলেবল”।
কুণালের এহেন অভিযোগে তুমুল শোরগোল শুরু হয়েছে। জুনিয়র চিকিৎসকদের মধ্যে চলছে নানান চর্চা। যদিও তাদের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত। তবে কুণালের অভিযোগ, আর জি করের তরুণী চিকিৎসকের খুনের ঘটনাকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকদের একাংশ রাজনীতি করছেন। এমনকি, জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগও তুলেছেন তিনি।
সম্প্রতি থ্রেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বর্ধমান মেডিক্যালের বেশ কিছু চিকিৎসক পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছিল। তাদের হয়ে আদালতে মামলা লড়েন তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পাঁচ ছাত্রের সাসপেনশন তুলে দিয়ে তাদের ক্লাস করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
এরই মধ্যে জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে পাল্টা সংগঠন গড়েন জুনিয়র চিকিৎসকদের অন্য এক অংশ। সংগঠনের নাম জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। অভিযোগ ওঠে, আদালতের নির্দেশের পরও উত্তরবঙ্গের পাঁচ ছাত্রকে কলেজে ঢুকতে না দেওয়ার দাবী তুলে কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান জুনিয়র ডক্টরস ফ্রন্টের কিছু চিকিৎসক।
সেই ঘটনায় জুনিয়র চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে তোপ দাগেন কুণাল ঘোষ। প্রশ্ন তোলেন তাদের এই কর্মকাণ্ড নিয়ে। কুণালের কথায়, “যাঁরা আদালতের নির্দেশও মানছেন না, উল্টে কর্তৃপক্ষর ওপর চাপ তৈরি করছেন, এটা কি থ্রেট কালচার নয়”? আর সেই প্রসঙ্গেই জুনিয়র চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে হোটেলে গিয়ে শুয়ে থাকার অভিযোগ করলেন কুণাল। তাঁর এহেন মন্তব্যে এবার জুনিয়র চিকিৎসকদের প্রতিক্রিয়া কী হয়, এখন সেটাই দেখার!





